নতুন বিমা কোম্পানির লাইসেন্সের জন্য শুনানি রোববার থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বিমা কোম্পানির লাইসেন্সের জন্য আগামী রোববার থেকে আবেদনকারীদের শুনানিতে ডাকছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে গত মঙ্গলবার অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ‘বিমাকারীর নিবন্ধন প্রবিধানমালা, ২০১৩’-এর প্রবিধান ৪-এর বিধান অনুসারে এই শুনানি অনুষ্ঠিত হবে। চলবে পাঁচ দিনব্যাপী, অর্থাৎ ১৬ থেকে ২০ জুন পর্যন্ত। প্রথম চার দিন সকাল ১০টা থেকে বেলা একটা এবং বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুই দফায় শুনানি অনুষ্ঠিত হবে। আর শেষ দিন হবে ১১টি প্রস্তাবিত কোম্পানির শুনানি।
নতুন বিমা কোম্পানির লাইসেন্সের জন্য আইডিআরএ কার্যালয়ে মোট ৭৫টি আবেদনপত্র জমা পড়ে, যার প্রায় সবগুলোই জীবনবিমা কোম্পানি। এর মধ্যে রয়েছে তিনটি বিদেশি কোম্পানি, যেগুলোর সঙ্গে দেশীয় উদ্যোক্তারাও রয়েছেন।