নতুন বৈদেশিক বিনিয়োগ কম, পুনর্বিনিয়োগ বেশি

বাংলাদেশে আসা সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) মধ্যে নতুন বিনিয়োগ কম। বেশি বরং পুনর্বিনিয়োগ। দেশে এফডিআইকে মূলধন, পুনর্বিনিয়োগ ও আন্তকোম্পানি ঋণ—এই তিন আকারে দেখানো হয়। ২০১৫ সালে বাংলাদেশে ২২৩ কোটি ৬০ লাখ ডলারের এফডিআই এসেছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ ১১৪ কোটি ৪৭ লাখ ডলার এসেছে পুনর্বিনিয়োগ হিসেবে। এ বছরের মোট এফডিআইয়ের মধ্যে মূলধন বিনিয়োগ মাত্র ৬৯ কোটি ৬৬ লাখ ডলার। বাকি ৩৯ কোটি ডলার হচ্ছে ঋণ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৯ নভেম্বর অনুষ্ঠিত নবগঠিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিচালনা পর্ষদের প্রথম বৈঠকে এ চিত্র তুলে ধরা হয়। বৈঠকে এ ছাড়া ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত খাতভিত্তিক এফডিআইসহ দেশি-বিদেশি কোম্পানির বিনিয়োগ নিবন্ধন প্রবণতা, আমদানি নিবন্ধন সনদ (আইআরসি), মূলধনি যন্ত্রপাতির আমদানি অনুমোদন, বিদেশিদের কাজ করার অনুমতি (ওয়ার্ক পারমিট) এবং ভিসা দেওয়ার পরিসংখ্যানও তুলে ধরা হয়।
বিডা পর্ষদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সদস্যসচিব বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম। বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশন একীভূত হয়ে গত ১ সেপ্টেম্বর থেকে নতুন যাত্রা শুরু করে বিডা। সংস্থাটির পর্ষদ গঠন করা হয় বিলুপ্ত বিনিয়োগ বোর্ডের আদলে। এ পর্ষদের আগের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে।
এফডিআইয়ে নতুন মূলধন ও পুনর্বিনিয়োগ বিষয়ে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পুনর্বিনিয়োগ হতেই পারে। মুনাফা যা বাইরে চলে যেত, তা বিনিয়োগ হিসেবে থেকে যাচ্ছে। আসলে আমাদের বেশি দরকার হচ্ছে নতুন মূলধন। কিন্তু সেটা বেশি দেখা যাচ্ছে না।’
গত জুনে প্রকাশিত জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড) বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ায় ২০১৫ সালে এফডিআইয়ের দিক থেকে ভারতের পরই বাংলাদেশের অবস্থান। এ বছর ভারতের এফডিআই ৪ হাজার ৪২০ কোটি ডলার। এ ছাড়া পাকিস্তানের এফডিআই ৮৬ কোটি ৫০ ডলার ও শ্রীলঙ্কার ৬৮ কোটি ১০ লাখ ডলার।
বিডার পর্ষদ বৈঠকে উপস্থাপিত তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতে হঠাৎ এফডিআই বেড়ে গেছে। গত সাত বছরের খাতভিত্তিক এফডিআই চিত্র বলছে, ছয় বছরে এ খাতে যত এফডিআই এসেছে, শেষ এক বছরেই এসেছে তার প্রায় সমান।
২০১৫ সালে বাংলাদেশে আসা মোট এফডিআইয়ের মধ্যে বছরের সবচেয়ে বেশি এফডিআই এসেছে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতে ৫৭ কোটি ৪০ লাখ ডলার। এ ছাড়া বস্ত্র খাতে এ বছর ৪৪ কোটি ৩০ লাখ, ব্যাংক খাতে ৩১ কোটি, টেলিযোগাযোগ খাতে ২৫ কোটি ৫০ লাখ, খাদ্যপণ্য খাতে ১২ কোটি ৫০ লাখ, কৃষি ও মৎস্য খাতে ২ কোটি ৫০ লাখ এবং অন্যান্য খাতে ৫০ কোটি ৫০ লাখ ডলারের এফডিআই এসেছে।
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতে ২০১৫ সালে ভালো এফডিআই এলেও তার আগের ছয় বছরে ছিল খুবই কম। যেমন: ২০০৯ সালে ৫ কোটি ১০ লাখ, ২০১০ সালে ৯ কোটি ২০ লাখ, ২০১১ সালে ২৩ কোটি ৮০ লাখ, ২০১২ সালে ১২ কোটি ৭০ লাখ, ২০১৩ সালে ৯ কোটি ৯০ লাখ এবং ২০১৪ সালে এ খাতের এফডিআই ছিল ৫ কোটি ডলার।
বিদ্যুৎ-গ্যাসে বেশি এফডিআই বিষয়ে মির্জ্জা আজিজ বলেন, ‘এগুলোতেও দরকার আছে। তবে উৎপাদনশীল খাতে এফডিআই এলে বেশি লাভবান হওয়া যাবে। রপ্তানি বহুমুখিনতাও বাড়বে।’
আগের ছয় বছরে যত কমই হোক না কেন, ২০১৫ সালে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতে এফডিআই উল্লম্ফনের জন্য সরকারের ইতিবাচক নীতি পদক্ষেপের ভূমিকা রয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
নসরুল হামিদ গত বৃহস্পতিবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত এক-দেড় বছরে জ্বালানি খাতে শেভরন থেকে ভালো বিনিয়োগ ও বিদ্যুৎ খাতে চীন থেকে ভালো যৌথ বিনিয়োগ এসেছে। এ ছাড়া শেয়ারবাজারে এসেছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে ভালো অঙ্কের বিনিয়োগ।
প্রায় ছয় বছর পর্ষদ সভা না হওয়ায় পর্ষদ সদস্যদের নির্দেশনা থেকে বিলুপ্ত বিনিয়োগ বোর্ড বঞ্চিত হয়েছে বলে বৈঠকে লিখিত বক্তব্য দেন বিডা চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘পর্ষদ সভা অনুষ্ঠিত হলে নিঃসন্দেহে পর্ষদের নির্দেশনায় বিনিয়োগ কার্যক্রম আরও গতিশীল হতো।’ বিলুপ্ত বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন এস এ সামাদ।
প্রকল্প নিবন্ধন: বিদেশি একক কোম্পানি ও যৌথ মালিকানা (জয়েন্ট ভেনচার) হিসেবে ২০১৫ সালে ১৫১টি প্রকল্পের নিবন্ধন হয়েছে বলে তথ্য উপস্থাপন করা হয় বৈঠকে।
এ ছাড়া ২০১৪ সালে ১২০, ২০১৩ সালে ১২৪, ২০১২ সালে ২১৯, ২০১১ সালে ২২১, ২০১০ সালে ১৯৬ এবং ২০০৯ সালে ১৬০টি প্রকল্পের নিবন্ধন হয়। বলা হয়, এতে কর্মসংস্থানের সুযোগ হতে পারে ৩৩ হাজার ৮৭৮ জনের।
দেশি কোম্পানির প্রকল্প নিবন্ধন হয় ২০১৫ সালে ১ হাজার ৫১১টি, যাতে কর্মসংস্থান হতে পারে ২ লাখ ৩২ হাজার ৬১৪ জনের।
কাজের অনুমতি ও ভিসা: বিডার তথ্য-উপাত্ত অনুযায়ী, ২০১৫ সালে সরকার নতুন-পুরোনো মিলে ৬ হাজার ৪৭ জন বিদেশিকে বাংলাদেশে কাজ করার অনুমতি দিয়েছে। এ সংখ্যা ২০১৪ সালে ছিল ৫ হাজার ৬৯৪ জন, ২০১৩ সালে ৫ হাজার ২৪২, ২০১২ সালে ৪ হাজার ৮৯৪, ২০১১ সালে ৪ হাজার ৬৭৪, ২০১০ সালে ৪ হাজার ৩১৭ এবং ২০০৯ সালে ৪ হাজার ৪৫২ জন।
এ ছাড়া ২০১৫ সালে ২ হাজার ৮৩১ জন বিদেশিকে ভিসা দেয় বাংলাদেশ। সবচেয়ে বেশি ৩ হাজার ৩৯৩ জনকে ভিসা দেওয়া হয় ২০১২ সালে।
আইআরসি ও মূলধনি যন্ত্রপাতি: ২০১৫ সালে সাময়িক (অ্যাডহক) এবং নিয়মিত আমদানি নিবন্ধন সনদ বা আইআরসি দেওয়া হয় ১ হাজার ৬১৪টি। এ ছাড়া ২০১৪ সালে দেওয়া হয় ১ হাজার ৭৭টি, ২০১৩ সালে ১ হাজার ৪০৪ এবং ২০১২ সালে ১ হাজার ৮৪৯টি আইআরসি। মূলধনি যন্ত্রপাতি আমদানির অনুমোদন দেওয়া হয় ২০১৫ সালে ৫২০টি। তবে এ সংখ্যা সবচেয়ে বেশি ছিল ২০১২ সালে ৮৭০টি।