নতুন ব্যাংকগুলোকে আগ্রাসী ব্যাংকিং না করার পরামর্শ
নতুন অনুমোদন পাওয়া ব্যাংকগুলোকে আগ্রাসী ব্যাংকিং না করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। বলেছেন, ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় পুরাতন ব্যাংকগুলোর তুলনায় নতুন ব্যাংকগুলোকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। ভালো বিনিয়োগের মাধ্যমে কীভাবে ভালো ব্যবসা করা যায়, সেদিকে নজর দিতে হবে।
গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকে নতুন নয়টি ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত পৃথক বৈঠকে গভর্নর এসব কথা বলেন। বাসস এ খবর জানায়।
বৈঠকে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপক ও ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন।
বৈঠকে অফ-সাইট সুপারভিশন বিভাগের পক্ষ থেকে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স, মেঘনা, মিডল্যান্ড, মধুমতি, ফারমার্স ও ইউনিয়ন ব্যাংকের ডিসেম্বরভিত্তিক শাখা খোলা, ঋণ, আমানত, লোকবল, বৈদেশিক বাণিজ্যসহ সার্বিক সূচকের ওপর একটি প্রেজেনটেশন দেওয়া হয়।
গভর্নর বলেন, ‘ভালো ব্যবসার জন্য শাখা খোলা, লোকবল নিয়োগ, আমানত সংগ্রহ, ঋণ বিতরণসহ সব ক্ষেত্রে বেশি তড়িঘড়ি করা ঠিক হবে না। তাতে ব্যাংকগুলো সমস্যায় পড়তে পারে। ছোট-বড় যেকোনো ক্ষতি পোষানো নতুন ব্যাংকের জন্য দুরূহ। আর নতুন কোনো একটি ব্যাংকের বড় ধরনের ব্যর্থতা দেখা দিলে পুরো ব্যাংক খাত তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে।’
এস কে সুর চৌধুরী বলেন, নতুন হওয়ায় এসব ব্যাংকের কোনো খেলাপি ঋণ নেই। তবে বর্তমানে বিতরণ করা ঋণই একদিন খেলাপিতে পরিণত হতে পারে। ঋণ বিতরণের ক্ষেত্রে ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে। কোনো একটি ব্যাংকের ব্যর্থতা মানে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের ব্যর্থতা—পুরো ব্যাংক খাতের জন্য যা ক্ষতির কারণ হতে পারে।
মেঘনা ব্যাংকের এমডি মোহাম্মদ নুরুল আমিন সাংবাদিকদের বলেন, আগ্রাসী ব্যাংকিং না করতে ব্যাংকগুলোকে বলা হয়েছে। একই সঙ্গে আর্থিক সূচকগুলোর প্রতি নজর দিতে বলা হয়েছে।