নতুন ব্যাংকগুলো সম্মতিপত্র পেল
শর্ত সাপেক্ষে বেসরকারি খাতে নয়টি নতুন বাণিজ্যিক ব্যাংককে সম্মতিপত্র (এলওআই) দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ছয় মাসের মধ্যে ব্যাংকগুলোকে ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে হবে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সম্মতিপত্র দেওয়া হয়। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এসব ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। ৪ এপ্রিল প্রবাসী উদ্যোক্তাদের অর্থায়নে তিনটি এবং ৮ এপ্রিল দেশীয় উদ্যোক্তাদের অর্থায়নে ছয়টি ব্যাংক স্থাপনের অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক পর্ষদ।সূত্র জানায়, ২৯টি শর্তে এসব ব্যাংককে সম্মতিপত্র দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শর্ত অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে হবে। নতুন ব্যাংকের আবেদন আহ্বানের সময় সর্বাধিক ১৩ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠনের বাধ্যবাধকতা থাকলেও এখন তা কিছুটা শিথিল করে ২০ সদস্যে উন্নীত করা হয়েছে। ঢাকার বাইরে কোনো ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপন করলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রবাসী উদ্যোক্তাদের ব্যাংকগুলোকে বৈদেশিক বাণিজ্যে অবদান, বিশেষ করে সভরেন বা সার্বভৌম বন্ড বিক্রির শর্ত দেওয়া হয়েছে।