নতুন ব্যাংকের উদ্দেশ্য পুরোপুরি পূরণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ইকবাল আহমেদ
ইকবাল আহমেদ

ইকবাল আহমেদ ওবিই, লন্ডনের সিমার্ক গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। ব্রিটেনে ব্যবসায়িকভাবে সফল হওয়া ব্যক্তিদের মধ্যে ইকবাল আহমেদ অন্যতম। ব্যবসা রয়েছে বাংলাদেশেও। তিনি প্রবাসীদের উদ্যোগে গঠিত বাংলাদেশের এনআরবি ব্যাংকের অন্যতম উদ্যোক্তা, প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও বর্তমান পরিচালক। ইকবাল আহমেদের জন্ম ১৯৫৬ সালে সিলেটে। শৈশব-কৈশোর কেটেছে সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম সিরাজনগর গ্রামে। ১৯৭১ সালে ১৫ বছর বয়সে ব্রিটেনে পাড়ি জমান ইকবাল আহমেদ। ব্রিটেনের ওয়েস্টমিনস্টারের সিটি কলেজ থেকে ১৯৭৭ সালে লেখাপড়া শেষ করে জড়িয়ে পড়েন পারিবারিক ব্যবসায়। এনআরবি ব্যাংক, প্রবাসে ব্যবসা, নতুন বিনিয়োগ ও ব্রেক্সিট প্রসঙ্গে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সানাউল্লাহ সাকিব

প্রথম আলো: দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে ব্যবসা করছেন, খ্যাতিও পেয়েছেন। প্রবাসীদের উদ্যোগে বাংলাদেশে ব্যাংক গঠনের উদ্যোগ নিলেন কেন?

ইকবাল আহমেদ: আমি সব সময় সামাজিক কাজের সঙ্গে যুক্ত। ব্যবসার শুরু থেকেই বিভিন্ন চেম্বার, ব্রিটিশ সরকারের সঙ্গে যুক্ত ছিলাম। ১৯৯৩ সালে ব্রিটিশ সরকারের সাউদার্ন অ্যাডভাইজরি গ্রুপের সদস্য ছিলাম। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান-এসব দেশের সঙ্গে ব্যবসা সম্প্রসারণ ও ব্রিটিশ জনগণকে এসব দেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করা ছিল আমার কাজ। ব্যাংক গঠনের পেছনে এসবই আমাকে উদ্বুদ্ধ করেছে। পাশাপাশি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ইচ্ছা ছিল এ রকম ধারার একটি ব্যাংক করার। এনআরবি ব্যাংকেই শুধু ৪৬ জন উদ্যোক্তা বিনিয়োগ করেছে। আমাদের উদ্দেশ্য ছিল প্রবাসী নতুন প্রজন্মকে দেশে নিয়ে আসা। আকাঙ্ক্ষা ছিল কেবল শেয়ারহোল্ডার হিসেবে নয়, যাঁরা ভালো ভালো ব্যাংকে চাকরি করছেন, তাঁরাও দেশে ফিরবেন।

প্রথম আলো: যে উদ্দেশ্য নিয়ে ব্যাংক গঠিত হয়েছে, তা কি পূরণ হয়েছে?

ইকবাল আহমেদ: হয়েছে, কিন্তু পুরোপুরি না। ব্যাংক করার স্বপ্ন ছিল, ব্যাংক হয়েছে। ভালো প্রযুক্তি এনেছি, ভালো জনবল নেওয়া হয়েছে। তবে আশা অনুযায়ী আমরা মুনাফা করতে পারিনি, কিন্তু আমরা খারাপ কিছুও করিনি। আমাদের কেউ খারাপও বলে না। আমরা বুঝেশুনে ঋণ দিয়েছি। বাংলাদেশের পরিবেশে বড় ঋণ চাহিদা বেশি। এদের দিতে আমরা ভয় পাই, সতর্ক এসব ঋণের ব্যাপারে। সব সময় মধ্যম মানের ঋণের দিকে আমাদের ঝোঁক। এ জন্য আমরা নিরাপদ আছি।

ব্যাংক হওয়ার কথা ছিল একটা, শুধু আমাদেরটা। কিন্তু তিনটা এনআরবিসহ নয়টি ব্যাংক দেওয়া হলো। এতে করে জনবল নিয়োগ নিয়ে একটা কাড়াকাড়ি পড়ে গেল। বাংলাদেশের ছোট অর্থনীতিতে নতুন করে নয়টি ব্যাংক দেওয়ায় আমরা আশানুরূপ কাজ করতে পারিনি। আমরা চেয়েছিলাম বিদেশি ব্যাংক থেকে লোকবল নিয়ে আসব, তা পারিনি। তাদের সঙ্গে কোনো প্রতিযোগিতা করতে পারছি না। আমরা হয়ে গেছি মিশ্র প্রজাতির একটি ব্যাংক।

প্রবাসী-আয় আনাও অন্যতম উদ্দেশ্য ছিল। কিন্তু নতুন ব্যাংকগুলোর কয়েকটি উল্টাপাল্টা কাজ করায় সেদিকেও অগ্রসর হতে পারিনি। নতুন ব্যাংকের উদ্দেশ্যও পুরোপুরি পূরণ হয়নি। ফলে কেন্দ্রীয় ব্যাংকও নতুন ব্যাংক নিয়ে সুখকর অবস্থায় নেই।

প্রথম আলো: ব্যাংক অনুমোদনের সময় বলা হয়েছিল, আপনারা প্রবাসী আয় ও বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবেন। চার বছর তো হয়ে গেল। কতটা পেরেছেন?

ইকবাল আহমেদ: বাজারে প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। আমরা বিশ্বের বড় ব্যাংকগুলোর সঙ্গেও ব্যবসা করতে পারছি না। এর প্রধান কারণ অনেক ব্যাংক হয়ে গেছে। তা ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে আইনকানুন কড়াকড়ি হচ্ছে। এ জন্য ব্যবসা ধরতে সময় লাগছে। দেশে সংখ্যায় অনেক ব্যাংক হয়েছে ঠিকই, কিন্তু সেই মানের ব্যাংক হয়নি। এ জন্য আমরা হিমশিম খাচ্ছি। তবে আশা করছি আগামী বছর আমরা ভালো করব। তিন-চার বছর সময় লাগে একটা ব্যাংকের ব্যবসা ধরতে। তবে কোনো ধরনের অনিয়মের অভিযোগ নেই আমাদের ব্যাংক নিয়ে।

প্রবাসীদের থেকে বিনিয়োগ আনতে হলে বিপণন বা মার্কেটিং করতে হবে, কিন্তু আমরা সেটা করতে পারিনি।

প্রথম আলো: প্রবাসীদের উদ্যোগে ব্যাংক হলো। কিন্তু বিনিয়োগ এল না কেন?

ইকবাল আহমেদ: অনেকেই আসতে চায়। প্রবাসীদের উৎসাহিত করতে হবে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ব্যাংক করার। আমি তো বিদেশ থেকে ৪০০ কোটি টাকা এনেছি। এ রকম আরও সুযোগ পেলে অনেকে আসবে। এ ক্ষেত্রে সরকারেরও উদ্যোগ প্রয়োজন। ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ইউরোপের বিভিন্ন দেশ, লন্ডন, আমেরিকায় গিয়ে মার্কেটিং করে। তারা এই দেশগুলোতে বিনিয়োগের পরিবেশ কেমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, করব্যবস্থা এসব জানায়। বাংলাদেশ সরকার মাঝে মাঝে করছে, তা যথেষ্ট নয়। নতুন প্রজন্ম আসছে অনেকে ভ্রমণ বা পর্যটনের জন্য। তবে আমরা সেই পরিবেশও দিতে পারছি না। পর্যটক হিসেবে এসেও অনেকে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। আমি নিজেও পর্যটক হিসেবে এসে বিনিয়োগ করেছি।

প্রথম আলো: আপনি তো লন্ডনপ্রবাসী। ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হচ্ছে যুক্তরাজ্য। এই ব্রেক্সিট প্রভাব কেমন পড়েছে ব্যবসায়?

ইকবাল আহমেদ: আমরা শুরুতে খুবই ভয় পেয়েছিলাম, ব্যবসা-বাণিজ্য কঠিন হয়ে পড়বে এমন আশঙ্কাও করা হয়েছিল। আসলে খুব একটা প্রভাব পড়েনি। প্রথম দিকে মুদ্রার ওপর কিছুটা প্রভাব পড়েছিল, এখন আবার ঠিক হয়ে আসছে। ব্রেক্সিটের কারণে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার বেশি উপকার পাবে বলে আমি মনে করি। বাংলাদেশও শেষ পর্যন্ত উপকৃত হবে।

প্রথম আলো: সিমার্ক গ্রুপের শুরুটা কীভাবে। কী কী ব্যবসা করছেন আপনারা?

ইকবাল আহমেদ: ১৯৭১ সালে আমি লন্ডনে যাই। লেখাপড়া শেষ করে ১৯৭৯ সালে বার ডিপার্টমেন্টাল স্টোরে কাজ শুরু করি। ওই সময়ে ভারত, চায়নার ব্যবসা মাশরুমের মতো বাড়তে থাকে। এখন ওখানে বাংলাদেশিই ১২ হাজার ব্যবসায়ী আছেন। তখন আমিও দেখলাম কোন খাবারের চাহিদা বেশি। এর মধ্যে ছিল চিংড়ি। এ থেকেই ব্যবসা শুরু হলো। ১৯৮৯ সালে আমরা রপ্তানি কার্যক্রম শুরু করলাম, সফলও হয়ে গেলাম। যখন ইউরোপীয় ইউনিয়ন চালু হলো, তখনই আমার ব্যবসার দ্রুত প্রসার ঘটল। আগে কোনো পণ্য রপ্তানি করতে ১০-১২টি সার্টিফিকেট নিতে হতো। এরপর ১৯৯৩ সালে নতুন করে কারখানা খুললাম। ওই সময়টায় বর্ণবাদী প্রথা ব্যাপক আকারে ছিল। আমরা যখন ইকবাল ব্রাদার্স কোম্পানি থেকে মাছ পাঠাতাম, তখন ওরা নানা সন্দেহ করত। ওই সময়ে এক সেমিনারে প্রশ্ন করেছিলাম এ সমস্যা নিয়ে। লন্ডন স্কুল অব ইকোনমিকসের এক অধ্যাপক বললেন, সাদা মানুষদের কোম্পানিতে নিয়োগ দেন। প্রতিষ্ঠানের নামে পরিবর্তন আনেন। এরপরই আমি ১৯৯০ সালে সি ফুড মার্কেটিং ইন্টারন্যাশনাল পিএলসি (সিমার্ক) নামে নতুন করে যাত্রা শুরু করি।

সিমার্ক এখন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের বড় সামুদ্রিক মাছ সরবরাহকারী। বাংলাদেশে সাড়ে চার হাজার জনবল কাজ করে কোম্পানিতে। লন্ডনে আমাদের ৭০০ জনবল কাজ করে। এর মধ্যে ৬০ শতাংশই বিদেশি। ১৮টি দেশের জনবল কাজ করে সিমার্কে। বাংলাদেশ থেকে আমরা কয়েক হাজার টন শাকসবজি রপ্তানি করি।

প্রথম আলো: বাংলাদেশে নতুন করে বিনিয়োগের পরিকল্পনা করছেন?

ইকবাল আহমেদ: আমার ছেলের একটা পরিকল্পনা আছে। কক্সবাজারে মেরিন ড্রাইভে বেশ কিছু জমি আছে। ভালো বিনিয়োগকারী খুঁজছি। পেলেই যৌথভাবে সেখানে বড় আকারের একটা পাঁচতারকা হোটেল করা হবে। আমি মনে করি, বাংলাদেশ পর্যটন থেকে ভালো আয় করতে পারে। অন্য দেশের পর্যটক আমাদের লাগবে না, প্রবাসীদের পরবর্তী প্রজন্ম এলেই যথেষ্ট।