সংযোগের অভাবে ২০ থেকে ২২ হাজার ফ্ল্যাট বর্তমানে খালি পড়ে আছে
নতুন ভবনে বিদ্যুৎ ও গ্যাস সংযোগের দাবি রিহ্যাবের
নতুন তৈরি করা আবাসিক ভবনে দ্রুত বিদ্যুৎ ও গ্যাসসংযোগ দেওয়ার দাবি জানিয়েছে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব।সংগঠনটি বলছে, বিদ্যুৎ ও গ্যাসসংযোগের অভাবে ২০ থেকে ২২ হাজার ফ্ল্যাট বর্তমানে খালি পড়ে আছে। এসব ফ্ল্যাটে আবাসন ব্যবসায়ীদের ১২ থেকে ১৫ হাজার কোটি টাকা আটকে রয়েছে। ফলে দেশি-বিদেশি ক্রেতা, জমির মালিক ও ডেভেলপাররা চরম অস্থিরতা ও অনিশ্চয়তায় আছেন।ঢাকার একটি হোটেলে গতকাল শনিবার আবাসন শিল্পের সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন রিহ্যাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া, কার্যকরী পরিষদের সদস্য সহিদুল ইসলাম, মোস্তফা শহীদ, কামরুজ্জামান, আবু বাক্কার সিদ্দিক, শাহ মোমরেজ চৌধুরী ও শোয়েব উদ্দিন।আনিসুজ্জামান ভূঁইয়া বলেন, বিদ্যুৎসংযোগের অভাবে প্রায় আট হাজার অ্যাপার্টমেন্টের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। এ ছাড়া পাঁচ হাজারের বেশি ক্রেতা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অন্তত এক হাজার ২০০ কোটি টাকা ঋণ নিয়ে ফ্ল্যাট কিনে ওই সব ফ্ল্যাটে উঠতে পারছেন না। ফলে তাঁদের অতিরিক্ত বাড়ি ভাড়া দিয়ে থাকতে হচ্ছে, আবার ব্যাংকঋণের সুদ গুনতে হচ্ছে।সংবাদ সম্মেলনে বলা হয়, বিদ্যুৎ সমস্যা সমাধানে সৌরবিদ্যুৎ (সোলার) পদ্ধতি প্রবর্তনে ৭ নভেম্বর সরকারের বিদ্যুৎ বিভাগ একটি আদেশ জারি করে। ওই আদেশের কোথাও আবাসিক ভবনের নতুন বিদ্যুৎসংযোগের ক্ষেত্রে সোলার প্যানেল স্থাপন বাধ্যতামূলক করা হয়নি। কিন্তু বাস্তবে অনেক প্রতিষ্ঠান ডিমান্ড নোটের টাকা জমা দেওয়ার পরও তাঁদের সোলার প্যানেল স্থাপনে বাধ্য করা হচ্ছে।রিহ্যাবের সাধারণ সম্পাদক আরও বলেন, এর আগে সরকারের পক্ষ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, গ্যাসের দৈনিক উৎপাদন দুই হাজার ২০০ এমএমসিএফটি না হওয়া পর্যন্ত নতুন এলাকায় নতুনভাবে গ্যাসের সংযোগ বন্ধ রাখা হবে। সাম্প্রতিক সময়ে গ্যাসের উৎপাদন প্রায় দুই হাজার ৭০০ এমএমসিএফটিতে দাঁড়িয়েছে। তাই এ অবস্থায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এখন গ্যাসের নতুন সংযোগ দিতে আর বাধা নেই।আবাসন শিল্পের উন্নয়নে পাঁচ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন এবং ৭ শতাংশ সুদে আবাসন খাতে ঋণ দেওয়ার কর্মসূচি নেওয়ার অনুরোধ জানান রিহ্যাব নেতারা। এ ছাড়া অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগের ক্ষেত্রে কোনো প্রশ্ন না করারও দাবি তুলে রিহ্যাব নেতারা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরের) এ-সংক্রান্ত ধারাটি বাতিলের আহ্বান জানান।