নতুন ভিত্তিতে শিল্পোৎপাদনের হিসাব প্রকাশ করছে বিবিএস

অবশেষে নতুন ভিত্তিবছর ধরে দেশের শিল্প খাতের উৎপাদনের পরিমাণ নির্ধারণের কাজ শুরু করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ইতিমধ্যে মাসওয়ারি এই উপাত্ত প্রকাশ করাও শুরু হয়েছে। ২০১২-১৩ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) মাঝারি ও বৃহৎ শিল্প, খনিজ শিল্প এবং বিদ্যুৎ খাতের পরিমাণ সূচক (যা কোয়ান্টাম সূচক নামে পরিচিত) পুরোনো ভিত্তিবছরের পাশাপাশি নতুন ভিত্তিবছরে প্রকাশ করা হয়েছে।
২০০৫-০৬ অর্থবছরকে নতুন ভিত্তিবছর ধরা হয়েছে। এতে নমুনা হিসেবে এত দিন পর্যন্ত ১৯৮৮-৮৯ অর্থবছরকে ভিত্তিবছর ধরে এই হিসাব নির্ণয় করা হয়ে আসছিল।
নতুন ভিত্তিবছর অনুসারে, অর্থবছরের প্রথম আট মাসে উৎপাদনশিল্পের সূচক দাঁড়িয়েছে ১৯১ দশমিক ৩২ পয়েন্ট। একই সময়ে পুরোনো ভিত্তিবছর অনুসারে এই সূচক ৬১৪ দশমিক ৬১ পয়েন্ট। যেহেতু ১০০ পয়েন্টকে ভিত্তি ধরে নতুনভাবে সূচক গণনা শুরু হয়েছে, তাই পুরোনোটির সঙ্গে এটির পার্থক্য অনেক বেশি প্রতীয়মান হয়।
উল্লেখ্য, অর্থবছরের প্রথম আট মাসের উৎপাদন সূচক আট মাসের গড় হিসেবে নির্ণীত।
প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণে দেখা যায় যে জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে প্রস্তুতশিল্পের (ম্যানুফ্যাকচারিং) উৎপাদন কমেছে। একইভাবে কমেছে খনিজশিল্পের উৎপাদন। বিপরীতে বিদ্যুৎ উৎপাদন কিছুটা বেড়েছে। নতুন ও পুরোনো উভয় সূচকেই একই ধরনের প্রবণতা পরিলক্ষিত হয়।
প্রস্তুতশিল্পের গতিপ্রকৃতি হিসাব করা হয় বাছাইকৃত কিছু রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানা ও ব্যক্তি খাতের শিল্পপ্রতিষ্ঠানের ওপর মাসওয়ারি জরিপ চালিয়ে। যেসব শিল্পের উৎপাদন বিবেচনায় নেওয়া হয় তার মধ্যে আছে পাট, বস্ত্র, তৈরি পোশাক, কাগজ, সার, লৌহ ও ইস্পাত, সিমেন্ট, ওষুধ, চা, লবণ ও ভোজ্যতেল।
নতুন হিসাবে বড় ও মাঝারি শিল্পের নমুনার আয়তন অনেক বাড়ানো হয়েছে। এতে ২১টি শ্রেণী অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে ছিল আটটি।
উপখাত পুনর্বিন্যাস করার পাশাপাশি শিল্প উৎপাদনে উপখাতগুলোর ভার বা গুরুত্বও হালনাগাদ করা হয়েছে। যেমন ১৯৮৮-৮৯ ভিত্তিবছরের সূচকে ‘পাট, তুলা, তৈরি পোশাক ও চামড়া’ শ্রেণীর ভার ছিল ৩৮ দশমিক ১৬। অর্থাৎ মোট উৎপাদন ১০০ হলে এর মধ্যে ওই শ্রেণীর অংশ ৩৮ দশমিক ১৬।
তবে, ২০০৫-০৬ ভিত্তিবছরের সূচকে তৈরি পোশাককে আলাদা শ্রেণী হিসেবে বিবেচনা করা হয়েছে। এর ভার ৩৪ দশমিক ৮৪। একইভাবে চামড়া ও চামড়াজাত খাতকে আরেকটি শ্রেণী হিসেবে গণ্য করে এর ভার দেওয়া হয়েছে ৪ দশমিক ৪০।
দেশে গত দুই যুগে নতুন অনেক শিল্পপ্রতিষ্ঠান হয়েছে। নতুন নতুন খাত উঠে এসেছে। আবার পুরোনো অনেক শিল্প খাতের উৎপাদন কমে গেছে। আর তাই অনেক দিন ধরেই এ ভিত্তিবছর হালনাগাদ করা এবং জরিপের জন্য নমুনার আয়তন বাড়ানোর কথা বলা হয়েছে। সে জন্য বিবিএস নতুন হিসাব প্রণয়ন শুরু করেছে। এর ফলে শিল্প উৎপাদনের অধিকতর বাস্তবসম্মত চিত্র উঠে আসবে।