নতুন ভ্যাট আইন হবে অধিকতর ব্যবসাবান্ধব: এনবিআর চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশাররফ হোসেন ভূঁইয়া। ফাইল ছবি
মোশাররফ হোসেন ভূঁইয়া। ফাইল ছবি

পয়লা জুলাই থেকে বাস্তবায়ন হতে যাওয়া নতুন ভ্যাট আইন হবে অধিকতর ব্যবসাবান্ধব। এমনটাই জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি মনে করেন, এতে করে ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীরা বেশি সুফল পাবেন।

আজ বৃহস্পতিবার খুলনার সিটি ইন হোটেলে আয়োজিত ২০১৯-২০ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

জাতীয় রাজস্ব বোর্ড এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আসন্ন জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে খুলনা বিভাগের অংশীজনের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক।

এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশের বাজেটের আকার যেমন বাড়ছে, সেই সঙ্গে রাজস্ব আহরণের পরিমাণও প্রতিবছর ১৫-২০ শতাংশ হারে বাড়ছে। বাংলাদেশের বাজেট এখন অনেকটাই স্বনির্ভর। পদ্মা সেতু নির্মাণ তার বড় উদাহরণ।

করের আওতা সম্প্রসারণ এনবিআরের জন্য একটি বড় চ্যালেঞ্জ—মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান বলেন, অন্য দেশের তুলনায় আমাদের ট্যাক্স-জিডিপি অনুপাত খুব কম—মাত্র ১০ শতাংশ। এই হারকে আগামী এক বছরে ১৪-১৫ শতাংশে উন্নীত করতে কাজ করছে এনবিআর। এ জন্য অধিকসংখ্যক মানুষকে করের আওতায় আনতে হবে।
তবে সরকার মানুষকে কষ্ট দিয়ে বাজেট তৈরি করতে চায় না এ কথা জানিয়ে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য তিনি এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।

খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, এনবিআর সদস্য মো. ফিরোজ শাহ আলম, কানন কুমার রায়, আবদুল মান্নান শিকদার, কর-অঞ্চল খুলনার কমিশনার প্রশান্ত কুমার রায়, মোংলা কাস্টমস হাউসের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, খুলনা ভ্যাটের কমিশনার মো. মোস্তবা আলী, কর আপিল অঞ্চল খুলনার কমিশনার মো. রফিকুল ইসলাম চৌধুরী, খুলনা ভ্যাট আপিল কমিশনারেটের কমিশনার মোহাম্মদ হোসাইন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রাক-বাজেট আলোচনায় উন্মুক্ত পর্বে অংশ নিয়ে খুলনা বিভাগের বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সমিতির নেতা বাজেট বিষয়ে বিভিন্ন প্রস্তাব পেশ করেন।