নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইনের ফলে কোনো পণ্যের দাম বাড়বে না। ব্যবসায়ীরা যথাযথ হিসাব রেখে রেয়াত নিতে পারলে দাম বরং কমতে পারে। তবে ভ্যাটের অজুহাত দিয়ে ব্যবসায়ীরা যাতে দাম বাড়াতে না পারেন, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
নতুন ভ্যাট নিয়ে গতকাল শনিবার বিভিন্ন গণমাধ্যমের বাণিজ্যবিষয়ক সম্পাদক ও প্রতিবেদকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক নীতি) জাহাঙ্গীর হোসেন এ কথা বলেন। তিনি এনবিআরের পক্ষ থেকে নতুন আইনের ফলে পণ্যের দাম বাড়বে না বলে আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। কাকরাইলের ভ্যাট অনলাইন প্রকল্পের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ীদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা মূল্যবৃদ্ধির উপলক্ষ খুঁজি। যেমন ঈদ, রোজাসহ বিভিন্ন উৎসবে পণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। ভ্যাটের অজুহাতে বা দোহাই দিয়ে ব্যবসায়ীরা যাতে দাম বাড়াতে না পারেন, সেদিকে লক্ষ রাখতে হবে।’ তাঁর মতে, নতুন ভ্যাট হারের কারণে বিদ্যুতের দামে পরিবর্তন হবে না। সরকার যদি বিদ্যুতে ভর্তুকি কমিয়ে দেয়, তবেই দামে প্রভাব পড়তে পারে।
ব্যবসায়ীরা রেয়াত কীভাবে নেবেন? এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর হোসেন বলেন, রেয়াত নিলে কম দামে বিক্রি করতে পারবেন তাঁরা। এ জন্য প্রতিটি স্তরে রসিদ নিতে হবে। ব্যবসায় টিকে থাকতে হলে যিনি রসিদ দেন, তাঁর কাছ থেকে পণ্য কিনতে হবে। নতুন মূসক-ব্যবস্থায় যিনি যথাযথ হিসাব রাখতে পারবেন, তিনি কম দামে পণ্য বিক্রি করতে পারবেন। এ ছাড়া টার্নওভার কর দেওয়ার ক্ষেত্রে হিসাব রাখতে হবে। এ ছাড়া ব্যবসায়ীরা যদি কোনো টাকা ফেরত পান (রিফান্ড), তাহলে ওই টাকা যাতে সহজে ব্যবসায়ীদের দেওয়া যায় সে জন্য এনবিআরের প্রশাসনিক ব্যয়ের সঙ্গে রেয়াতের বরাদ্দ রাখার চেষ্টা চলছে।
নতুন আইনে মূল্যস্ফীতি বাড়বে কি না, এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর হোসেন বলেন, সার্বিক মূল্যস্ফীতি বাড়বে না। শুধু স্টিল বা লোহাজাতীয় পণ্যের দাম ভোক্তাপর্যায়ে বাড়তে পারে। এখন প্রতি টনে ৯০০ টাকা ভ্যাট দিতে হয়। নতুন আইনে বর্তমান বাজারদর টনপ্রতি ৫০ হাজার টাকা ধরলে ৯ হাজার টাকা ভ্যাট দিতে হবে। সার্বিক মূল্যস্ফীতি গণনায় এর প্রভাব খুবই নগণ্য।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ভ্যাটের হার কমানোর বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের আলোকেই এনবিআর কাজ করবে। নতুন আইনে করদাতা ও করগ্রহীতার মধ্যে কোনো যোগাযোগ থাকবে না। সবই অনলাইনে হবে।
নজিবুর রহমান আরও বলেন, নতুন আইনটি কার্যকর করতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, ব্যবসায়ীদের উচু নৈতিক অবস্থানের ওপরেই এ আইনের সাফল্য নির্ভর করছে। এনবিআর তাঁদের ওপর সেই আস্থা রেখেছে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি বিভাগের সহায়তায় মুঠোফোনভিত্তিক একটি অ্যাপস তৈরি করা হচ্ছে, যাতে সবাই ভ্যাট সম্পর্কে জানতে পারেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনবিআরের সদস্য রেজাউল হাসান, ভ্যাট অনলাইন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক জাকির হোসেন প্রমুখ।