নতুন ভ্যাট আইনের ভাগ্য অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইনের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। ব্যবসায়ীদের পাশাপাশি জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে অনেক সাংসদ নতুন ভ্যাট আইনটির তীব্র সমালোচনা করছেন। এমন অবস্থায় নতুন ভ্যাট আইন নিয়ে অর্থ মন্ত্রণালয় দুই ধরনের বিকল্প চিন্তা করছে।

আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের ঘোষণা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে দেওয়া হতে পারে। পুরোনো আইনটিই আরও এক-দুই বছর বহাল রাখা হতে পারে। নতুন আইনটি বহাল রাখা হলেও যেসব ক্ষেত্রে দাম বাড়তে পারে, সেসব পণ্য ও সেবাকে ভ্যাট অব্যাহতি দেওয়া হতে পারে। দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।

চলমান বাজেট অধিবেশনে নতুন ভ্যাট আইন নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। নির্বাচনের আগের বছর নতুন ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে সাংসদেরা সমালোচনা করছেন। অর্থমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন অনেকে। আবার দীর্ঘদিন ধরেই নতুন ভ্যাট আইনের হার ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ব্যবসায়ীরা আপত্তি জানিয়ে আসছেন। তাঁদের দাবি, নতুন আইন অনেক নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে হিসাব রাখাও কঠিন হবে। এতে তাঁরা ভ্যাট রেয়াত নিতে পারবেন না। আবার এর ফলে বিভিন্ন পণ্যের দাম বাড়বে। এতে মূল্যস্ফীতির চাপ বাড়বে। এমন অবস্থায় সরকার ভ্যাট আইন বাস্তবায়নের অবস্থান থেকে সরে আসতে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘ভ্যাটের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্টদের আলাপ-আলোচনা চলছে। ব্যবসায়ী ও নাগরিকসহ সবাই যাতে খুশি থাকেন, সরকার সেই চেষ্টা করছে। আমরা আশা করি, এ ব্যাপারে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।’

বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠান শেষে গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকেরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জানতে চান, নতুন ভ্যাট নিয়ে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কি না। এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘২৮ জুনের আগে আমি এ নিয়ে কিছু বলব না। এই বিষয়ে ওই দিন প্রধানমন্ত্রী বলবেন।’

আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের আগের মেয়াদে ২০১২ সালের ২৭ নভেম্বর নতুন ভ্যাট আইনটি পাস করেন এই সরকারের তৎকালীন সাংসদেরা। আইনটি পাস করা হলেও প্রস্তুতি নেওয়ার জন্য সময় রেখে তা ২০১৫ সালের ১ জুলাই কার্যকর করার কথা ছিল। পরে তা আরও দুই বছর পিছিয়ে দিয়ে আগামী ১ জুলাই বাস্তবায়ন করার সিদ্ধান্ত হয়। এখন আবার সেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের সাংসদেরাই আইনটি বাস্তবায়নের প্রাক্কালে জাতীয় সংসদে এর সমালোচনা করছেন। ফলে নতুন ভ্যাট আইনের ভাগ্য এখন অনিশ্চিত।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, মূলত ব্যবসায়ীদের লবিংয়ে প্রভাবিত হয়ে শেষ মুহূর্তে সাংসদেরা ভ্যাট আইনের বিপক্ষে বলছেন। আইনটি পাস হওয়ার আগে সংসদীয় কমিটিতে বহুবার আলোচনা হয়েছে। তখন সাংসদেরা গঠনমূলক অনেক পরামর্শ দিয়েছেন, যা আইনে সন্নিবেশিতও করা হয়েছে। এখন কেন এত আলোচনা?

আহসান এইচ মনসুরের মতে, ‘সরকারের উচিত, হয় নতুন আইনটি পুরোপুরি বাস্তবায়ন করুক, না হয় পরাজয় মেনে নিয়ে পুরোনো আইনেই ফিরে যাক। হ-য-ব-র-ল অবস্থায় নতুন আইন বাস্তবায়ন করার কোনো মানে নেই। ইতিমধ্যে সম্পূরক শুল্ক বহাল রাখা এবং ভ্যাটমুক্ত সীমা বাড়িয়ে আইনটি অনেক দুর্বল করা হয়েছে। মূল আইনের দর্শনও নষ্ট করে ফেলা হয়েছে। তাড়াহুড়ো করে, সমঝোতা করে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করা ঠিক হবে না, যা আমাদের আরও পিছিয়ে দেবে। প্রবল স্রোতের মুখে ভেঙে যাওয়া বাঁধে বালুর বস্তা দেওয়ার কোনো মানে নেই।’

আহসান এইচ মনসুর মনে করেন, আগামী নির্বাচনের পরে সরকার যদি চায়, নতুন আইন হবে, তাহলে হতে পারে।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, নতুন ভ্যাট আইন পিছিয়ে দেওয়া হলে রাজস্ব আদায়ে কী ধরনের প্রভাব পড়তে পারে, তা নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। কিংবা পুরোনো আইন বহাল রাখা হলে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হতে পারে। সে ক্ষেত্রে নতুন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে পুরোনো আইনের কিছু অংশ পরিবর্তনের প্রস্তাব করা হতে পারে। অনলাইনে রিটার্ন দাখিলের জন্য এনবিআরের সফটওয়্যার পরিবর্তন এবং ব্যবসায়ীদের প্রস্তুতির জন্য ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) মেশিন সরবরাহে ছয় মাস থেকে এক বছর সময় নেওয়া হতে পারে।

এই বিষয়ে জানতে চাইলে ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান প্রথম আলোকে বলেন, নতুন আইনের প্রভাব কী ধরনের হতে পারে, তা নিয়ে আরও বিশ্লেষণ করা উচিত। অনেক পণ্য ও সেবার দাম বাড়তে পারে। যেহেতু সময় একদমই নেই, তাই আইনটির বাস্তবায়ন পিছিয়ে দেওয়াই সবচেয়ে ভালো বিকল্প। তাঁর মতে, আইনটি ধাপে ধাপে বাস্তবায়ন করা উচিত। এ জন্য ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে একটি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বাস্তবায়ন পরিকল্পনা করলে ভালো হবে।

নতুন আইনে নিত্যব্যবহার্য পণ্যের মধ্যে গ্যাস-বিদ্যুৎ, রেস্তোরাঁর খাবার, আসবাব, রড, বোতলজাত পানি, সাবান, টুথপেস্ট, দেশি পোশাক, ফ্ল্যাটসহ বিভিন্ন পণ্য ও সেবার ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট বসবে।

নতুন আইনে যথাযথ হিসাব রেখে অনলাইনে রিটার্ন জমা হবে সব ব্যবসায়ীর। এনবিআর সূত্রে জানা গেছে, ১৯ জুন পর্যন্ত মাত্র ৪৩ হাজার ২৪৪টি ব্যবসাপ্রতিষ্ঠান অনলাইন নিবন্ধন নিয়েছে। এর মধ্যে পুরোনো নিবন্ধনের আওতায় পুনর্নিবন্ধন নিয়েছে ৪২ হাজার ৯৫টি প্রতিষ্ঠান। আর ১ হাজার ১৪৯টি নতুন প্রতিষ্ঠান নিবন্ধন নিয়েছে।