নতুন মজুরিকাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর
পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে। ন্যূনতম মজুরি হিসেবে শ্রমিকেরা পাঁচ হাজার ৩০০ টাকাই পাবেন। বার্ষিক বেতন বাড়বে মূল মজুরির ৫ শতাংশ। এক বছর কর্মরত থাকাসাপেক্ষ শ্রমিকদের ক্ষেত্রে এটি কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয়ে কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, শ্রমসচিব মিকাইল শিপারসহ সংশ্লিষ্ট অন্যরা।
বৈঠক শেষে শ্রমসচিব জানান, শ্রমিকদের ২৬ কর্মদিবসের জন্য খাদ্যভাতা ২৫ টাকা হারে নির্ধারণ করা হয়েছে।
শ্রমসচিব মিকাইল শিপার আরও জানান, মজুরি বৃদ্ধির হার ৭৬ দশমিক ৬৬ শতাংশ। আগে সর্বনিম্ন মজুরি ছিল তিন হাজার টাকা। এখন তা বাড়িয়ে পাঁচ হাজার ৩০০ টাকা করা হয়েছে।
নিম্নতম মজুরি বোর্ড শ্রমিকদের জন্য মূল মজুরি তিন হাজার ২০০ টাকা প্রস্তাব করে। তবে তা কমিয়ে তিন হাজার টাকা করা হয়েছে। বাড়িভাড়া ১২০০, চিকিত্সাভাতা ২৫০, যাতায়াত ভাড়া ২০০ এবং খাদ্যভাতা ৬৫০ টাকা করা হয়েছে।
গতকাল বুধবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রম মন্ত্রণালয়, পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ এবং বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠক হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশে পোশাক কারখানার মালিকেরা ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা দিতে রাজি হয়েছেন। অন্যদিকে মালিকদের উেস কর হ্রাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে যেসব দাবি করেছেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফিরে এসে সিদ্ধান্ত নেবেন বলে বৈঠকে জানানো হয়েছে।
শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এর আগে বিজিএমইএ শ্রম মন্ত্রণালয়কে জানিয়েছিল যে নিম্নতম মজুরি বোর্ডের প্রস্তাবিত পাঁচ হাজার ৩০০ টাকা মজুরি দিতে রাজি আছে, যদি তাদের তিনটি সুবিধা দেওয়া হয়। এর একটি হচ্ছে উেস কর হ্রাস। বর্তমানে শূন্য দশমিক ৮০ শতাংশ হারে উেস কর দিলেও এখন মালিকপক্ষ দিতে চাইছে মাত্র শূন্য দশমিক ২৫ শতাংশ। এ ছাড়া ব্যাংকঋণের সুদের হার কমানো এবং ইউরোপ, আমেরিকা ও কানাডার বাজারে পোশাক রপ্তানিতে ২ শতাংশ নগদ সহায়তার দাবি জানানো হয়েছে।