বাংলাদেশ ব্যাংকের নতুন ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণসীমা কমিয়ে নির্ধারণ করায় বেসরকারি খাতে বিনিয়োগ ব্যাপকভাবে কমে যাবে বলে মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।কেন্দ্রীয় ব্যাংক ২৫ জুলাই চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথমার্ধের জন্য যে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে তাতে বেসরকারি খাতের ঋণ বৃদ্ধির সীমা কমানোকেই উল্লেখযোগ্য দিক বলে মনে করছে সংগঠনটি। মুদ্রানীতিতে এবার বেসরকারি খাতের ঋণ প্রবাহ ১৫ দশমিক ৫ শতাংশে নির্ধারণ করা হয়েছে। গেল অর্থবছরের এ হার ছিল ১৮ দশমিক ৩ শতাংশ।ঢাকা চেম্বার থেকে গতকাল রোববার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।ডিসিসিআই বলছে, বেসরকারি খাতে ঋণ কমানোর ফলে ৭ দশমিক ২ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধির অর্জন সম্ভব হবে না। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য উৎপাদনশীল খাতের উৎপাদন বাড়ানো প্রয়োজন। এ জন্য প্রয়োজন অধিক হারে বিনিয়োগ ও অর্থায়ন। এ ক্ষেত্রে বেসরকারি খাতে ঋণের প্রবাহ আরও বাড়ানো প্রয়োজন। সংগঠনটি বলছে, বেসরকারি খাতে ঋণের সুদের হার কমানো না হলে ঋণের প্রবাহ বাড়বে না। একই সঙ্গে ব্যাংকগুলোতে পড়ে থাকা অলস অর্থ বিনিয়োগে ব্যয় হবে না। মুদ্রানীতিতে যদিও বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানত ও ঋণের সুদহারের পার্থক্য (স্প্রেড) কমিয়ে ৪ দশমিক ৯৮ শতাংশ করা হয়েছে। তবে মুদ্রানীতিতে সুদের হার কমাতে সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। বাজেট ঘাটতি অর্থায়নে অভ্যন্তরীণ ব্যাংকব্যবস্থা সরকারের ঋণ নেওয়ার পরিমাণ ২৬ হাজার কোটির মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়টি মুদ্রানীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিসিসিআই একে ইতিবাচক মন্তব্য করে বলেছে, এ লক্ষ্যমাত্রা যেন কোনোভাবেই অতিক্রম না করে সে বিষয়ে মুদ্রানীতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা থাকা প্রয়োজন।