নতুন মুদ্রানীতিতে কমানো হলো বেসরকারি খাতে ঋণপ্রবাহ
চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদায়ী অর্থবছরের শেষার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হলেও নতুন মুদ্রানীতিতে তা ১৬ দশমিক ২ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
আজ বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির অর্থবছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতি ঘোষণা করেন। এই মুদ্রানীতি বাস্তবায়নের জন্য দুটি ঝুঁকির কথা তিনি বলেন। একটি হলো সঞ্চয়পত্রে উচ্চ মুনাফার হার, দ্বিতীয়টি হলো প্রবাসী আয় কমে যাওয়া।
সরকারের নির্ধারিত জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জনকে সামনে রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হয়। গভর্নর বলেন, সরকারের যে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ, তা এই মুদ্রানীতি দিয়ে অর্জন সম্ভব। এ ছাড়া মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
২০১৭-১৮ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ ও মূল্যস্ফীতি সাড়ে ৫ শতাংশ ধরা হয়েছে।
মুদ্রানীতি ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, খেলাপি ঋণ বেড়ে যাওয়ার বিষয়টি বাংলাদেশ ব্যাংক গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যেই পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আইন মেনে চলার জন্য ব্যাংকগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, প্রধান অর্থনীতিবিদ ফয়সাল আহমেদ, প্রধান অর্থনৈতিক উপদেষ্টা মো. আখতারুজ্জামান প্রমুখ।