নতুন মূল্যসূচক চালু হলো ডিএসইতে
পুরোনো ভুল মূল্যসূচক সংশোধন করে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার থেকে চালু হয়েছে নতুন দুটি সূচক। ডিএসইএক্স (DSEX) ও ডিএস ৩০ (DS30) নামের নতুন এই দুটি সূচকে যথাক্রমে ডিএসইর সাধারণ সূচক (DGEN) ও ডিএস ২০-এর প্রতিফলন ঘটবে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ডিএসইর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই দুটি সূচক চালু করা হয়। নতুন সূচক চালু উপলক্ষে এক সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়। এতে সূচকের বিভিন্ন বিষয় তুলে ধরেন ডিএসই সভাপতি রকিবুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশীদ লালী, সূচক প্রস্তুতকারী-প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর (এসঅ্যান্ডপি) ডাও জোনসের ইক্যুইটি ইনডেক্স প্রোডাক্ট ম্যানেজমেন্টের প্রধান অলকা ব্যানার্জি। এ সময় আরও উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান, ডিএসইর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুভ্র কান্তি চৌধুরী, এসঅ্যান্ডপির সাউথ এশিয়া বিজনেস ডেভেলপমেন্টের পরিচালক কোয়েল ঘোষ প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিএসইএক্স হবে ডিএসইর প্রধান মূল্যসূচক, যাতে মোট বাজার মূলধনের প্রায় ৯৭ শতাংশের প্রতিফলন থাকবে। আর ডিএস-৩০ হবে বাছাই করা ৩০টি কোম্পানির সূচক, এটি মোট বাজার মূলধনের প্রায় ৫১ শতাংশের প্রতিফলন ঘটাবে। ডিএস-৩০ সূচকটি ‘বিনিয়োগযোগ্য সূচক’ হিসেবেও পরিচিত হবে বলে ডিএসই জানিয়েছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি সূচক নির্ণয়ে তাদের নিজস্ব পদ্ধতি অনুসরণ করে এই দুটি সূচক তৈরি করেছে। সেই কারণে ডিএসই বলছে, এর মাধ্যমে বাংলাদেশের শেয়ারবাজার আন্তর্জাতিক বাজারে প্রবেশের পথে আরও একধাপ এগিয়ে গেল।এসঅ্যান্ডপি জানিয়েছে, ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত রয়েছে তালিকাভুক্ত ১৯৯টি কোম্পানি। লেনদেনযোগ্য (ফ্রি-ফ্লোট) শেয়ারের ভিত্তিতে যেসব কোম্পানির বাজার মূলধন ন্যূনতম ১০ কোটি টাকা, প্রতিদিনের লেনদেন গড় ন্যূনতম ১০ লাখ টাকা এবং প্রতি মাসের অন্তত অর্ধেক কার্যদিবসে সক্রিয় লেনদেন হয় এমন সব কোম্পানিকেই এই সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতিটি কোম্পানির ছয় মাসের গড় লেনদেন বিবেচনায় নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ডিএস-৩০ সূচকের জন্য ৩০ কোম্পানি বাছাইয়ের ক্ষেত্রে কোম্পানির বাজার মূলধন, প্রতিদিনের লেনদেন গড় এবং কোম্পানির মুনাফাকে বিবেচনায় নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোম্পানিটি কোন শ্রেণী বা ক্যাটাগরিভুক্ত, এটির বিরুদ্ধে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কোনো অভিযোগ রয়েছে কি না, বা নিয়মিত লভ্যাংশ প্রদান করে কি না, এসব বিষয় বিবেচনায় ধরা হয়নি। কারণ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুযায়ী সূচকের জন্য কোম্পানি বাছাইয়ের ক্ষেত্রে লভ্যাংশ বা আইন লঙ্ঘনের বিষয়টি মুখ্য নয়। এর পরিবর্তে কোম্পানির আর্থিক অবস্থাকেই বিবেচনায় নেওয়া হয়। বিশ্বজুড়ে এসঅ্যান্ডপি সূচক তৈরিতে যে পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশের জন্যও সেটিই অনুসরণ করা হয়েছে বলে জানান অলকা ব্যানার্জি। ডিএসই ও এসঅ্যান্ডপি জানিয়েছে, ২০০৮ সালের ১৭ জানুয়ারিকে ভিত্তি তারিখ ধরে নতুন দুটি সূচক তৈরি করা হয়েছে। বিনিয়োগকারীসহ বাজারসংশ্লিষ্টদের সুবিধার্থে প্রথম তিন মাস নতুন দুটি সূচকের পাশাপাশি পুরোনো সাধারণ সূচকটিও ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর সেটি উঠে যাবে।