আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশের দিন যত ঘনিয়ে আসছে, নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন নিয়ে ততই বাড়ছে ব্যবসায়ীদের উদ্বেগ। অর্থমন্ত্রীর আগের ঘোষণা অনুযায়ী মূসক আইন কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে, যা তিনি আবার বলেছেন গতকাল সোমবার।
বাজেট পেশের আর দেড় মাসও বাকি নেই। বিশ্বব্যাংক-আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় যোগ দিতে আজ মঙ্গলবার ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এরই মধ্যে গতকাল সচিবালয়ে মূসক আইন নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শীর্ষ ব্যবসায়ীরা। অনির্ধারিত এই পৌনে দুই ঘণ্টার বৈঠক শেষে অর্থমন্ত্রী গম্ভীর থাকলেও সরব ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভুঁইয়া বৈঠকে উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআইয়ের দুজন সাবেক সভাপতি এ কে আজাদ ও কাজী আকরাম উদ্দিন আহমাদ এবং এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বাধীন অন্য পরিচালকেরা। এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ মূসক নিয়ে বৈঠকে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
সম্মেলনকক্ষ থেকে বৈঠক শেষ করে অর্থমন্ত্রী কয়েক সেকেন্ডের পথ নিজ কার্যালয়ে গম্ভীর মুখে চলে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুধু বলেন, ‘দুটি বিষয় আমি তাদের বলেছি, ১ জুলাই থেকে মূসক আইন কার্যকর হবে এবং হার একই (১৫ শতাংশ) থাকবে।’
মূসক হার ১৫ শতাংশের পরিবর্তে ব্যবসায়ীদের দাবি ৭ থেকে ১০ শতাংশের মধ্যে রাখা। বৈঠক সূত্র জানায়, গতকালের বৈঠকে অর্থমন্ত্রী কিছুটা নমনীয়তা দেখালেও কোনো কথা দেননি।
এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন অর্থ মন্ত্রণালয়ের বারান্দায় দাঁড়িয়ে সাংবাদিকদের বলছিলেন, ‘অর্থমন্ত্রী আমাদের দাবিগুলোর নোট নিয়েছেন। তিনি কথা দিয়েছেন আবার বসবেন।’
অর্থমন্ত্রী মূসক হার কমানোর দাবি মেনে নিয়েছেন কি না, জানতে চাইলে মহিউদ্দিন বলেন, ‘তা নয়। তবে এটা জনগণের সরকার। জনগণ ও ব্যবসায়ীদের মনোভাব উপেক্ষা করে এই সরকার কিছু করবে না বলে আস্থা রাখতে চাই।’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ সময় সাংবাদিকদের বলেন, ফলপ্রসূ ও যুক্তিপূর্ণ আলোচনা হয়েছে। মূসকের ব্যাপারে অনেক কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখতে হবে সরকারের মেয়াদেরও শেষ সময় এটি। একদিকে মূসক আইন কার্যকর করতে হবে, অন্যদিকে সাধারণ মানুষ তথা ব্যবসায়ীদের স্বার্থও রক্ষা করতে হবে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, ক্ষুদ্র আকারে তিনি আবার বসবেন এবং নিঃসন্দেহে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন।’
১৫ শতাংশ মূসক কি বাস্তবসম্মত নয়—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা যখন কথা বলি, রাজনৈতিক ভাষায় বলি। আশা করছি এমন সিদ্ধান্তই নেওয়া হবে, যাতে ব্যবসায়ীরা খুশি হবেন।’
বৈঠকের ফল জানতে চাইলে এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ সাংবাদিকদের বলেন, ‘মূসক নিয়ে ২০০৯ সাল থেকে কতবার যে বৈঠক করেছি! তবে আজকের বৈঠকের পর আমরা বেশি আশাবাদী।’