নতুন মূসক আইন নিয়ে বড় ব্যবসায়ীদেরও ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন নিয়ে বড় ব্যবসায়ীদের মধ্যে ভীতি আছে। নতুন আইন চালু হলে তাঁরা হয়রানির শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন। এ ছাড়া নতুন আইনে কিছু ক্ষেত্রে মূসক হার কমানোর দাবি জানিয়েছেন অনেক ব্যবসায়ী। রাজস্বসংক্রান্ত মতবিরোধ কাটাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি আরও কার্যকর করার তাগিদ দেন তাঁরা।
গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) আয়োজিত রাজস্ব সংলাপে ব্যবসায়ীরা এ কথা বলেছেন। এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলটিইউর বড় বড় করদাতা প্রতিষ্ঠানের মালিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা নতুন মূসক আইন, রাজস্বসংক্রান্ত মতবিরোধ নিষ্পত্তি পদ্ধতি, রাজস্ব কর্মকর্তাদের হয়রানিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো শিল্পগোষ্ঠীর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, যেকোনো নতুন আইন বাস্তবায়নের শুরুর সময়ে কিছু না কিছু সমস্যা হয়। শুরুর যাত্রা যাতে মসৃণ হয়, সেদিকে এনবিআরকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘নতুন আইনটি নিয়ে ভয় আছে। ১ জুলাই বাস্তবায়ন শুরু হলে মূসক আদায়ের সময় মাঠপর্যায়ের মূসক কর্মকর্তারা আমাদের গিয়ে বলবেন, নতুন আইন হয়ে গেছে, আমাদের কিছু করার নেই। প্রথম তিন-চার মাস এমন সমস্যা হবে। এমন সমস্যা যাতে না হয়, এটা নিয়ে এনবিআরকে কিছু একটা করতে হবে।’
সালমান এফ রহমানের মতে, নতুন মূসক আইন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে অনেক ভুল-বোঝাবুঝি আছে। আবার ভয়ও আছে। তিনি অভিযোগ করেন যে এক দফা সময় বৃদ্ধির পরও এই আইনটি নিয়ে যতটা সচেতন করার কথা ছিল, ততটা হয়নি। তিনি বলেন, ‘১ জুলাই আইনটি বাস্তবায়ন হবে—এ নিয়ে কোনো বিতর্ক নেই। ব্যবসায়ীরা স্বাগত জানিয়েছেন। আর ১৫ শতাংশ মূসক তো ১৯৯১ সাল থেকেই দিয়ে আসছি। ৮ লাখ ব্যবসায় প্রতিষ্ঠান মূসক নিবন্ধন নিয়েছে। এর মধ্যে মাত্র ৩৫ হাজার মূসক বিবরণী জমা দেয়। এর মানে হলো কোথাও গন্ডগোল আছে।’ তিনি অভিযোগ করেন যে এখন যারা কর দিচ্ছে, তাদেরই আরও কর দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। করজাল বৃদ্ধি করা উচিত।
ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির চেয়ারম্যান গোলাম মাঈনুদ্দিন বলেন, ‘কর নিয়ে মতবিরোধ দ্রুত নিষ্পত্তি হয় না বলেই আমরা আদালতে যাই। এডিআর একটি ভালো উদ্যোগ। আমরা কেউ আদালতে যেতে চাই না। আলোচনার মাধ্যমেই মতবিরোধ নিষ্পত্তি করতে চাই। আলাপ-আলোচনার মাধ্যমে যদি ঠিক হয় কর দিতে হবে, তাহলে কর দেব।’
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) আলী নেওয়াজ বলেন, নতুন মূসক আইনে ২৫ হাজার টাকার বেশি লেনদেন করলে উভয় পক্ষের মূসক নিবন্ধন লাগবে। কিন্তু এমন কিছু জীবন রক্ষাকারী ওষুধ আছে যেগুলো সরাসরি রোগীর আত্মীয়স্বজন ওষুধ কোম্পানির কাছ থেকে কেনেন। কোনো ব্যক্তির মূসক নিবন্ধন থাকে না। এ ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত।
সেভেন রিংস সিমেন্ট কোম্পানির সিএফও কাওসার আহমেদ বলেন, সিমেন্টের বেশির ভাগ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হয়। প্রস্তুত পণ্য হিসেবে সিমেন্টে মূসক হার ১৫ শতাংশ অনেক বেশি। অবকাঠামো উন্নয়নের স্বার্থে সিমেন্টের ক্ষেত্রে মূসক হার কমানোর দাবি জানান তিনি।
নতুন মূসক আইনে অনলাইনে নিবন্ধন নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা কার্যক্রম চালানো হয়নি বলে মনে করেন ইউনিলিভার বাংলাদেশের করবিষয়ক প্রধান সাঈদ আহমেদ খান। তিনি বলেন, কোন ধরনের প্রতিষ্ঠানকে মূসক নিবন্ধন নিতে হবে, এটা অনেকেই জানেন না।
জিপিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তুলনা করে বাংলাদেশে মূসক হার নির্ধারণ করা উচিত। ভিয়েতনামে ১০ শতাংশ হারে মূসক আরোপ হয়। বাংলাদেশে ১৫ শতাংশ নয়, আরও কমানো উচিত।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, নতুন মূসক আইনটি পুরোনো আইনের চেয়ে সব দিক থেকেই ভালো। এটি যুগোপযোগী আইন।