নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইনে আইনগত কোনো পরিবর্তন হবে না। ১ জুলাই থেকে আইনটি বাস্তবায়ন করা হবে। সে জন্য আগামী তিন মাস এই আইন বাস্তবায়নের কৌশল ঠিক করতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান গতকাল বৃহস্পতিবার ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত এক মধ্যাহ্নভোজ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। রাজধানীতে সোনারগাঁও হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
নজিবুর রহমান আরও বলেন, ‘মূসক আইন বাস্তবায়নের জন্য আগামী তিন মাস হলো উত্তরণকালীন। এ তিন মাস আমরা প্রস্তুতি নিব। স্বাধীনতার পর রাজস্ব খাতে যত উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, তার মধ্যে নতুন মূসক আইন বাস্তবায়ন অন্যতম। বর্তমান মূসক আইনটি অনেক পুরোনো, তাই নতুন আইন বাস্তবায়ন করা হবে।’
উল্লেখ্য, নতুন আইনে মূসক হার ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
চলতি ২০১৫-১৬ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা সংশোধন করা হবে কি না, এমন প্রশ্নের উত্তরে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কী পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে বা রাজস্ব আদায়ের প্রকৃত অবস্থা কী, তা নিয়ে এখন পর্যালোচনা চলছে। লক্ষ্য অর্জনে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, রাজস্বসংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং বকেয়া কর আদায়ে অনেক দূর এগিয়েছি। এখন ফল দিতে শুরু করেছে।’ উদাহরণ দিয়ে তিনি বলেন, অ্যারোমেটিক কসমেটিকসকে গত সপ্তাহে এক মামলার রায় অনুযায়ী রাজস্ব বাবদ পাওনা ৭০০ কোটি টাকা দিতে বলা হয়েছে।
এনবিআর চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন আলোচনা সম্পর্কে প্রশ্ন করা হলে নজিবুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।
এফআইসিসিআইয়ের অনুষ্ঠানে নজিবুর রহমান বলেন, ‘বিদেশি ব্যবসায়ীদের মূলধন এ দেশে বেশ নিরাপদ। আমরা বিদেশি বিনিয়োগ চাই। বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের জন্য করবান্ধব পরিবেশ রয়েছে।’
অনুষ্ঠানের শুরুতে এফআইসিসিআই সভাপতি রূপালী চৌধুরী বলেন, ২০১৩ সালের জুলাই মাসে প্রাক্-জাহাজীকরণ ব্যবস্থা উঠে যায়। যে কারণে এখন পণ্য শুল্কায়নের সময় এর মূল্যমান নির্ধারণে সমস্যা তৈরি হচ্ছে। এ ক্ষেত্রে লেনদেন মূল্যকে (ট্রানজেকশন ভ্যালু) পণ্যের মূল্যমান ধরার পদ্ধতি হিসেবে নেওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।
পরে এনবিআর চেয়ারম্যান বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। দুই পক্ষই যাতে লাভবান হয়, সে অনুযায়ী সমাধানের আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফআইসিসিআইয়ের সহসভাপতি শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট কেভিন লিওন এবং সংগঠনটির নির্বাহী পরিচালক জামিল ওসমান।