নতুন মূসক আইনে ছাড় চায় এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে উপস্থাপিত মূল্য সংযোজন আইনের (মূসক) কিছু অংশের সংশোধন চায় দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। বিশেষত ছোট ব্যবসায়ীদের স্বার্থে নতুন আইনে দুটি বিষয়ে সবচেয়ে বেশি আপত্তি তোলা হয়েছে। একটি হলো, ঢালাওভাবে সব পণ্য বা সেবার ওপর ১৫ শতাংশ হারে মূসক আরোপ। অন্যটি হলো, ছোট ব্যবসায়ীদের জন্য আরোপিত প্যাকেজ মূসকব্যবস্থা বাতিল করা।
তাই সংকুচিত ভিত্তিমূল্যব্যবস্থা বহাল ও প্যাকেজ মূসক দেওয়ার সুযোগ রাখার দাবি জানিয়ে সম্প্রতি একটি বিবৃতি দিয়েছে এফবিসিসিআই।
উল্লেখ্য, ১৯৯১ সালে দেশে প্রথম মূসক আইন প্রবর্তন করা হয়। সে সময় সব পণ্য বা সেবায় ১৫ শতাংশ হারে মূসক আরোপ করা হলে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ দিতে কিছু খাতে সংকুচিত ভিত্তিমূল্যে মূসক আরোপের বিধান রাখা হয়। সংকুচিত ভিত্তিমূল্যে পণ্য বা সেবার মূল্যে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে বাকি মূল্যের ওপর ১৫ শতাংশ মূসক আরোপ করা হয়। যেমন, কোনো সেবার মূল্য যদি ১০০ টাকা হয়, আর সেবা খাতটি যদি সংকুচিত ভিত্তিমূল্যে ৮০ টাকা ছাড় পেয়ে থাকে, তাহলে ওই সেবার বাকি ২০ টাকার ওপর ১৫ শতাংশ বা তিন টাকা মূসক আরোপ হবে। মোটা দাগে বলা যায়, ওই সেবা গ্রহণ করতে ১৫ শতাংশের পরিবর্তে ৩ শতাংশ হারে মূসক দিতে হবে।
বর্তমানে ১৯টি সেবা নিতে ১৫ শতাংশের পরিবর্তে ৩ থেকে ৭ শতাংশ হারে সংকুচিত ভিত্তিমূল্যে মূসক দিতে হয়। এসব সেবার মধ্যে অন্যতম হলো রেস্তোরাঁ, নির্মাণ সংস্থা, ভূমি উন্নয়ন সংস্থা, ভবন নির্মাণ সংস্থা, ফটো নির্মাতা, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা, ইমিগ্রেশন উপদেষ্টা, ইংরেজি মাধ্যম স্কুল, স্পনসর সেবা, নিজস্ব ব্র্যান্ডসংবলিত তৈরি পোশাক বিপণন কেন্দ্র। যদিও প্রতিবছর বিধিবদ্ধ আদেশে (এসআরও) দিয়ে সংকুচিত ভিত্তিমূল্যে মূসক খাতগুলো নির্দিষ্ট করা হয়। কোনো বছর নতুন করে খাতগুলো সংযোজন-বিয়োজন করে একাটি তালিকা প্রকাশ করা হয়।
প্রস্তাবিত নতুন আইনে সংকুচিত ভিত্তিমূল্যে মূসকব্যবস্থাটি বহাল রাখার দাবি করে এফবিসিসিআই বলেছে, উন্নত দেশগুলোতেও সংকুচিত ভিত্তিমূল্যে মূসক প্রদানের ব্যবস্থা রয়েছে। যেমন, আন্তর্জাতিক আইন বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন রেগুলেশনের ৯৮ দশমিক ১ ধারায় একাধিক হারে মূসক আরোপের বিধান রয়েছে। কিন্তু নতুন আইনে এই সংকুচিত ভিত্তিমূল্যে মূসক আরোপকে একটি বিচ্যুতি হিসেবে দেখিয়ে তা বাদ দেওয়া হয়েছে।
এফবিসিসিআই বলছে, পৃথিবীর যেসব দেশে সংকুচিত ভিত্তিমূল্যে মূসক আরোপ করা হয়, সেসব দেশের মধ্যে রয়েছে চীন, ভারত, জাপান, বেলজিয়াম, যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স, ইতালি, স্পেন। এসব দেশে দশমিক ২৫ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বিভিন্ন হারে মূসক আরোপ করা হয়।
তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, আইনটি পাসের পর বাস্তবায়নের সময় সংকুচিত ভিত্তিমূল্যে মূসক দেওয়ার বিধান রাখা হতে পারে। একবারে নতুন আইনটি বাস্তবায়ন করা হবে না। তবে পর্যায়ক্রমে সংকুচিত ভিত্তিমূল্যব্যবস্থা উঠিয়ে দেওয়া হতে পারে।
নতুন আইনেই মূসক আরোপে সংকুচিত ভিত্তিমূল্যব্যবস্থা কার্যকর করার সুযোগ রয়েছে। আইনে বলা আছে, সরকার কর্তৃক বিশেষ জরুরি সংকটপূর্ণ পরিস্থিতি মোকাবিলার স্বার্থে বিশেষ কর নিরূপণের পদ্ধতি নির্ধারণের অবকাশ থাকবে। অর্থাৎ সরকার চাইলে যেকোনো সময় সংকুচিত ভিত্তিমূল্যব্যবস্থায় মূসক আরোপ করতে পারে।
অন্যদিকে নতুন মূসক আইনে প্যাকেজ মূসকব্যবস্থাটি নেই। এফবিসিসিআই দাবি করছে, নতুন মূসক আইনে ব্যবসায় পর্যায়ে প্রযোজ্য প্যাকেজ ভ্যাট অন্তর্ভুক্ত না করায় দেশের সাধারণ ব্যবসায়ী মহলে ব্যাপক ক্ষোভ ও আশঙ্কার সঞ্চার হয়েছে। এ খাতে নিবন্ধিত করদাতাকে বিক্রয়ের ওপর ১৫ শতাংশ হারে মূসক প্রদান করতে হবে, যা কার্যত আবগারি শুল্কে পরিণত হয়েছে। এটা কোনোভাবে প্রতিপালনযোগ্য নয়।
তবে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নতুন মূসক আইন বাস্তবায়িত হলে ২৪ লাখ টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভার হলে কোনো মূসক দিতে হবে না। এটি ছোট ব্যবসায়ীদের জন্য একটি বড় ছাড়। তবে ২৪ থেকে ৮০ লাখ টাকা বার্ষিক টার্নওভার হলে ৩ শতাংশ হারে মূসক দিতে হবে। বর্তমানে ৮০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভার হলে ৩ শতাংশ হারে মূসক দিতে হয়। তবে কিছু ব্যবসায়ীর প্যাকেজ মূসক দেওয়ার সুযোগও দেওয়া হয়েছে।
এ ছাড়া উপকরণ মূল্য বাদ দিয়ে মূসক আরোপের দাবি জানিয়েছে এফবিসিসিআই।
প্রসঙ্গত, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সম্প্রসারিত ঋণসুবিধা (ইসিএফ) পাওয়ার শর্ত হিসেবে নতুন মূসক আইন তৈরি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এখন এই আইনটি বিল আকারে জাতীয় সংসদে উপস্থাপিত হয়েছে।