নতুন মূসক আইনে বড় পরিবর্তন আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইনে মূসক কর্মকর্তাদের ক্ষমতা হ্রাস, মূসকের পরিধি বাড়ানো ও মূসক প্রদান-প্রক্রিয়া সহজ করাসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। ইতিমধ্যে আইনের খসড়াটি প্রকাশ করা হয়েছে। এখন ব্যবসায়ীদের মতামত নেওয়া হবে।অবশ্য আজ থেকেই ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় হওয়ার কথা থাকলেও হরতালের কারণে তা একদিন পিছিয়েদেওয়া হয়েছে।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের আগামী বাজেট অধিবেশনে মূসক আইনটি অনুমোদনের জন্য উত্থাপন করা হতে পারে। তার আগে সব ধরনের ব্যবসায়ীর মতামত নিয়ে কিছু সংযোজন-বিয়োজন করে খসড়াটি চূড়ান্ত করতে চাইছে এনবিআর। ইতিমধ্যে ১৯৯১ সালের মূসক আইনের বর্তমান পর্যন্ত সংশোধিত অবস্থা থেকে নতুন মূসক আইনটির খসড়ার মধ্যে মৌলিক পার্থক্যগুলো চিহ্নিত করে একটি প্রতিবেদনও তৈরি করেছে এনবিআর। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় এই পার্থক্যগুলো তুলে ধরা হবে। খসড়া আইনে পাঁচটি খাতে মূসক আরোপের বিধান রাখা হয়েছে। এগুলো হলো: পণ্যের আমদানি পর্যায়, সব পণ্য ও ব্যবসায়ী পর্যায়, সব সেবা, স্থাবর সম্পদ, বন্ধক, অনুদান, লাইসেন্স, অনুমোদন, অধিকার, সুবিধা ইত্যাদির সরবরাহ ও সেবা আমদানি। এনবিআরের সদস্য (মূসক) ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, রাজস্ব আদায় পরিস্থিতি এখন পরোক্ষ করের চেয়ে প্রত্যক্ষ করের নির্ভরশীল হয়ে পড়ছে। এ জন্য মূসক আইন আরও সহজ, আধুনিক ও যুগোপযোগী করা হচ্ছে। এতে নতুন করদাতাদের হয়রানি যেমন কমবে, আবার কর প্রদান-প্রক্রিয়াও সহজ হবে। তাঁর মতে, মূসকসংক্রান্ত হিসাবব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হলে এমনিতেই সব জটিলতার অবসান হবে। নতুন আইনটি আগের চেয়ে অনেক বেশি ব্যবসাবান্ধব বলে তিনি মনে করেন। প্রধান পার্থক্যগুলো এতদিন বেশ কিছু খাত মূসক থেকে অব্যাহতি পেয়েছে। নতুন আইনের খসড়ায় মূসক অব্যাহতির ক্ষেত্র সীমিত করে দেশের জরুরি সংকটপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় শুধু মূসক অব্যাহতির সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া জরুরি সংকটপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় শুধু সংকুচিত ভিত্তিমূল্যে মূসক আরোপের বিধান রাখা হয়েছে। বর্তমান টার্নওভার করের ক্ষেত্রে ৬০ লাখ টাকার নিচে তিন শতাংশ টার্নওভার কর দিতে হয়। নতুন আইন অনুসারে কোনো প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার ২৪ লাখ টাকা বা ২৪ লাখের অধিক কিন্তু ৬০ লাখের নিচে হলে তিন শতাংশ হারে টার্নওভার কর দিতে হবে। বর্তমান আইনে কুটিরশিল্প সুবিধার আওতায় কিছু শর্ত পালন সাপেক্ষে পণ্য প্রস্তুতকারীদের ক্ষেত্রে মূসক পরিশোধ হতে অব্যাহতি রয়েছে। কিন্তু করের পরিধি বিস্তৃত করতে খসড়া আইনে এই সুযোগ রাখা হয়নি। কুটিরশিল্প নামে কোনো স্বতন্ত্র সুবিধা নেই। তবে পণ্যসেবা নির্বিশেষে ২৪ লাখ টাকা টার্নওভারের নিচের প্রতিষ্ঠানকে মূসক পরিশোধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বিদ্যমান আইনে মূসকের হার ১৫ শতাংশ। কিন্তু বিদ্যমান ট্যারিফ ভ্যালু ও সংকুচিত ভিত্তিমূল্য একাধিক করহার সৃষ্টি করেছে। নতুন আইনের খসড়ায় একক ও অভিন্ন হার হিসেবে ১৫ শতাংশই চূড়ান্ত করা হয়েছে। খসড়ায় করদাতার অর্থের প্রবাহ গতিশীল রাখতে অগ্রিম মূসক জমার বিধান নেই। মাসের শেষে দাখিলপত্রের সঙ্গে প্রদেয় কর হিসাব করে জমা দিতে হবে।নতুন মূসক আইনের অন্যতম দিক হলো ইলেকট্রনিক পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে সব মূসকসংক্রান্ত তথ্য সংরক্ষণ। বর্তমানে মূসক প্রশাসন এগুলো কাগজপত্রে হিসাব রাখে। করবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মূসক কর্মকর্তাদের গ্রেপ্তার করার ক্ষমতা বিলোপ করা হয়েছে খসড়া আইনে। বিদ্যমান আইনে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে ক্ষমতাপ্রাপ্ত যেকোনো মূসক কর্মকর্তা মূসক আইনে দণ্ডনীয় অপরাধের দায়ে যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন।কর ফাঁকি রোধে ১৯৯১ সালের মূসক আইনে রাজস্ব কর্মকর্তাদের ব্যাংক থেকে কোনো করদাতার তথ্য সংগ্রহের ক্ষমতা দেওয়া হয়নি। পরে তা সংশোধন করে সীমিত পরিসরে ক্ষমতা দেওয়া হয়। প্রস্তাবিত নতুন আইনে মূসক কর্মকর্তাদের এই ক্ষমতা আরও সুনির্দিষ্ট ও সম্প্রসারণ করা হয়েছে। আবার করদাতাদের হয়রানি রোধে যেকোনো পণ্য পরিবহনকারী যানবাহন তল্লাশি ও আটকের ক্ষমতা বিলোপ করা হয়েছে। তবে সম্পূরক কর ফাঁকি রোধে আটক বা তল্লাশির ক্ষমতা বহাল রাখা হয়েছে। নতুন মূসক আইনের আওতায় কর কর্মকর্তার কোনো আদেশ, কর নির্ধারণ, দণ্ড প্রদান বা সিদ্ধান্ত পরিবর্তন, তদন্ত ইত্যাদিবিষয়ক কার্যক্রমের বিরুদ্ধে কোনো আদালতেই মামলা রজু করা যাবে না—এই মর্মে বিধান রাখা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে মূসকদাতা প্রতিষ্ঠান কিস্তিতে বকেয়া কর পরিশোধের সুযোগ রাখা হয়েছে। কিন্তু বিদ্যমান আইনে সেই সুযোগ নেই। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠান বিক্রি কিংবা হস্তান্তরের সময় বর্তমানে কোনো মূসক দিতে হয় না। কিন্তু প্রস্তাবিত আইনে মূসক দেওয়ার বিধান রাখা হয়েছে। কোনো কোম্পানি তাদের সহযোগী প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য বা কাঁচামাল সংগ্রহ বা আমদানির ক্ষেত্রে যাতে অতি মূল্যায়ন বা অবমূল্যায়ন না ঘটায়, তা নিয়ন্ত্রণের বিষয়ে নতুন আইনে বিধান রয়েছে। প্রিপেইড কার্ডসহ আধুনিক টেলিযোগাযোগের সব পদ্ধতির ক্ষেত্রে মূসকব্যবস্থা আইনে সুনির্দিষ্টভাবে বর্ণনা করা নেই। খসড়া আইনে তা অন্তর্ভুক্ত করা হয়েছে। একইভাবে বিক্রয় যন্ত্র, মিটার বা অন্য কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে মুদ্রা বা নোট বা টোকেন দ্বারা করযোগ্য পণ্যের সরবরাহের বিষয়টিও খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গত জানুয়ারি মাসে মূসক আইনের খসড়াটি এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করার পাশাপাশি মতামত চাওয়া হয়। চলতি অর্থবছর থেকে এই আইনটি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু ব্যবসায়ীদের আপত্তির কারণে তা সম্ভব হয়নি। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংকসহ দাতা দেশ ও সংস্থাগুলোর কাছ থেকে যুগোপযোগী মূসক আইন কার্যকর করার চাপ রয়েছে। ২১টি অনুচ্ছেদে ১৯৩টি শাখা রয়েছে প্রস্তাবিত মূসক আইনে। এসব অনুচ্ছেদের নিবন্ধন-প্রক্রিয়া, মূসক আরোপ, আমদানি পর্যায়ে মূসক, সরবরাহ পর্যায়ে মূসক, মূসক নির্ধারণ কৌশল, সম্পূরক শুল্ক, টার্নওভার ট্যাক্সসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।