নতুন মূসক ফ্ল্যাটের দাম বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইনে এমএস রডের ওপর ১৫ শতাংশ মূসক বা ভ্যাট বসলে নির্মাণশিল্পে ভয়াবহ অবস্থা তৈরি হবে বলে আশঙ্কা করছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। রিহ্যাব বলছে, এই শিল্পের প্রধান কাঁচামাল এমএস রডের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট বসলে নির্মাণ খরচ আরও বেড়ে যাবে। তাই রডে দেড় শতাংশ ভ্যাট নির্ধারণের প্রস্তাব করেছে রিহ্যাব।
ঢাকায় সিরডাপ মিলনায়তনে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
এ ছাড়া ফ্ল্যাট, প্লট কিনলে অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন না করার দাবি জানিয়েছে রিহ্যাব। রিহ্যাব বলেছে, অর্থ পাচার ঠেকাতে কোনো শর্ত ছাড়া আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া প্রয়োজন। কালোটাকা ব্যবহারে অন্তত আগামী ১০ বছর প্রশ্ন না করার দাবি জানান এই সংগঠনের নেতারা। রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, অপ্রদর্শিত আয়ে ফ্ল্যাট, জমি কিনলে সরকারের বিভিন্ন সংস্থা অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করতে পারে। আমরা চাই, ঢালাওভাবে প্রশ্ন না করে যাদের সন্দেহ হবে, তাদেরই যেন করা হয়।
আবাসন শিল্পের বিকাশে ২০ হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের প্রস্তাব করেছে রিহ্যাব।