নতুন রপ্তানি খাতের দিকে নজর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্স ও সুইজারল্যান্ডের মতো দেশে বাংলাদেশের রপ্তানি এখনো তৈরি পোশাক নির্ভর। তৈরি পোশাকের বাইরে বাংলাদেশকে এখন নতুন রপ্তানি খাতের দিকে নজর দিতে হবে। প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাণিজ্যে টিকে থাকতে বাংলাদেশকে এমন পরামর্শ দিয়েছেন তিন দেশের রাষ্ট্রদূত।
রাজধানীর নিকুঞ্জের একটি হোটেলে আজ রোববার আয়োজিত ‘বাংলাদেশ ও ফ্রেঞ্চ ভাষা ব্যবহারকারী দেশের মধ্যে বাণিজ্য: সুযোগ ও সামনে এগোনোর উপায়’ শীর্ষক এক সেমিনারে বাংলাদেশ সম্পর্কে এমন মতামত উঠে আসে। ফ্রেঞ্চকে ব্যবহারিক ভাষা হিসেবে ব্যবহার করে এমন তিনটি দেশের বাণিজ্য চেম্বার এ সেমিনারের আয়োজন করে। চেম্বার তিনটি হলো—ক্যানচ্যাম বাংলাদেশ, ফ্রান্স বাংলাদেশ ও সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এতে স্বাগত বক্তব্য দেন ক্যানচ্যাম বাংলাদেশের সভাপতি মাসুদ রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, ফ্রান্সসহ সারা বিশ্বে ৩২টি দেশ ফ্রেঞ্চ ভাষাকে নিজেদের ভাষা হিসেবে ব্যবহার করে। ফ্রেঞ্চ ভাষা ব্যবহারকারী এ সব দেশের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক বাণিজ্য সম্পর্ক রয়েছে। সেই বাণিজ্য সম্পর্ককে ভবিষ্যতে আরও এগিয়ে নিতেই এ সেমিনারের আয়োজন।
বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোয়া পিয়েরে লাঘামে বলেন, অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশকে আন্তর্জাতিক বাণিজ্যের বাজারে টিকে থাকতে হলে এ দেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে। ফ্রেঞ্চ ভাষা এ ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি কৌশলগত সম্পদ হতে পারে কারণ বৈদেশিক বাণিজ্য দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নির্ভরশীল।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ফচ।