নতুন রপ্তানিনীতি অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ শেষ হওয়ার আট মাসের মাথায় তিন বছরের জন্য নতুন রপ্তানিনীতি ২০১২-১৫ অনুমোদিত হয়েছে। ২০১২ সালের ১ জুলাই থেকে নতুন রপ্তানিনীতি কার্যকর। এর মেয়াদ শেষ হবে ২০১৫ সালের ৩০ জুন।সচিবালয়ে গতকাল রোববার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ রপ্তানিনীতি অনুমোদিত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল করিম সাংবাদিকদের এ রপ্তানিনীতি অনুমোদনের কথা সাংবাদিকদের জানান। বৈঠক সূত্র জানায়, নতুন রপ্তানিনীতিতে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বাড়ানো, কমপ্লায়েন্স ও স্ট্যান্ডার্ড-সংক্রান্ত বিষয়গুলো যথাযথ প্রতিপালন, পণ্যের গুণগত মানের উন্নয়ন, পণ্য ও বাজার বহুমুখীকরণ, রপ্তানিকারকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যয় কমাতে তথ্যপ্রযুক্তি ও ই-কমার্সের ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া নতুন রপ্তানিনীতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেবা খাতকে।সূত্র জানায়, রপ্তানি নীতিতে কাঁচা চামড়া (ওয়েট ব্লু অর্থাৎ চামড়া থেকে পশম ছাড় করার পরের অবস্থা) রপ্তানির ধারা থাকা, না-থাকা নিয়ে বিভ্রান্তির মধ্যে থাকায় রপ্তানিনীতি এত দিন আটকে ছিল। কারণ, গত বছরের ১৩ ডিসেম্বর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত বাংলাদেশ-ইইউ ষষ্ঠ যৌথ কমিশনের বৈঠকে কাঁচা চামড়া রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছিল ইইউ। উল্লেখ্য, কাঁচা চামড়া রপ্তানির সুযোগ ২০০৯-১২ রপ্তানিনীতিতেও রপ্তানি নিষিদ্ধ পণ্য ছিল। আর এ ধরনের চামড়া রপ্তানি বন্ধ রয়েছে ১৯৯০ সাল থেকে।