নতুন শিল্প-কারখানা গড়ার সুযোগ বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় কর্ণফুলী সেতু পুরোদমে চালু হলে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়সহ গোটা দক্ষিণ চট্টগ্রামে আরও বেশি শিল্পকারখানা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতু উদ্বোধন করবেন বলে জানা গেছে।শিল্প-উদ্যোক্তারা বলছেন, এ সেতুর কারণে কর্ণফুলীর দক্ষিণ পাড়ের শিল্পকারখানার পণ্য পরিবহনে খরচ কমবে, বাড়বে উৎপাদনশীলতাও। সুযোগ হবে কর্মসংস্থানের। চালু থাকা শিল্পকারখানাগুলো তাৎক্ষণিকভাবে এ সুবিধা পাচ্ছে। আবার, পরিকল্পনা করে চট্টগ্রাম শহরে শিল্পায়নের সুযোগ না থাকলেও সেই সুযোগ আছে এ অঞ্চলে। এসব কারণে চাপ কমবে চট্টগ্রাম শহরের ওপরও। শিল্প-উদ্যোক্তাদের সঙ্গে আলাপে জানা গেছে, কর্ণফুলীর দক্ষিণ পাড়ে পটিয়া, আনোয়ারা, বোয়ালখালী উপজেলা এবং কর্ণফুলী থানা এলাকায় প্রায় ২৫টি শিল্পকারখানা গড়ে উঠেছে। এসব কারখানার মধ্যে রয়েছে স্পিনিং মিল, সিমেন্ট, কাগজ ও পোশাক শিল্পপ্রতিষ্ঠান, চিনি, ভোজ্যতেল ও লবণ পরিশোধন কারখানা, ইস্পাত কারখানা ইত্যাদি। এসব কারখানায় বিনিয়োগ আছে প্রায় পাঁচ হাজার কোটি টাকারও বেশি। এর বাইরে কোরিয়ান ইপিজেড, সরকারি ও বিদেশি সার কারখানাও আছে। দ্বিতীয় কর্ণফুলী সেতুতে ভারী যান চলাচল নিষিদ্ধ থাকায় এত দিন এসব কারখানার পণ্য পরিবহনে খরচ পড়ত বেশি। অনেকদূর ঘুরে কালুরঘাট সেতু দিয়ে তৈরি পণ্য ও কাঁচামাল পরিবহন করতে হতো উদ্যোক্তাদের। একমুখী ওই সেতুতে নিত্য যানজটের কারণে পণ্য পরিবহনে সময় লাগত বেশি। সেতু চালু হলে এসব সমস্যা কমে আসতে পারে বলে জানা যায়।কিন্তু সাম্প্রতিককালে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বন্ধ থাকার কারণে ওই এলাকায় শিল্পায়নের গতি কিছুটা স্থবির হয়ে পড়ে। এ ছাড়া ওই এলাকায় মাটির নিচের সুপেয় পানির স্তরও অনেকে নিচে নেমে গেছে। পানি, বিদ্যুৎ ও গ্যাসের সহজলভ্যতা ওই অঞ্চলে শিল্পায়নে গতি আনতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান শাহ মুহাম্মদ আখতার উদ্দিন প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম মহানগরের জন্য প্রণীত দ্বিতীয় মহাপরিকল্পনায় কর্ণফুলী তৃতীয় সেতু থেকে মোহনা পর্যন্ত এলাকায় নদীভিত্তিক শিল্প এলাকা হিসেবে সংরক্ষণ করার কথা উল্লেখ আছে। তৎকালীন আওয়ামী লীগ সরকার ১৯৯৯ সালে এই মহাপরিকল্পনা অনুমোদন দেয়। তৃতীয় কর্ণফুলী সেতু উন্মুক্ত হওয়ার পর এখন নদীর দক্ষিণ পাড়ে শিল্পাঞ্চলের বিস্তৃতি লাভের সুযোগ সৃষ্টি হয়েছে।এ প্রসঙ্গে বিনিয়োগ বোর্ডের পরিচালক রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, সেতু চালু হওয়ার ঘোষণায় এখন শহর ছেড়ে কর্ণফুলীর দক্ষিণ পাড়ে শিল্পকারখানা গড়ে তোলায় সাড়া পড়বে বলে মনে হচ্ছে। তিনি আরও জানান, ইতিমধ্যে ওই এলাকায় নতুন করে শিল্পকারখানা স্থাপনের আবেদন বিনিয়োগ বোর্ডে আসতে শুরু করেছে। দক্ষিণ পাড় থেকে যতদূর পর্যন্ত গ্যাস-সংযোগ যাবে ততদূর পর্যন্ত শিল্প এলাকা প্রসারিত হওয়ার সুযোগ আছে বলে তিনি মন্তব্য করেন।শিল্প-উদ্যোক্তা ও বাংলাদেশ শিপার্স কাউন্সিলের সভাপতি মাহবুব আলী প্রথম আলোকে বলেন, ‘অবকাঠামো সুযোগ তৈরির আগেই কর্ণফুলীর দক্ষিণ পাড়ে আমরা শিল্পকারখানা গড়ে তুলেছি। কিন্তু এত দিন নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের নিশ্চয়তা দেওয়া যেত না। কর্ণফুলী তৃতীয় সেতু চালুর কারণে এখন সেটি দূর হবে।’ উল্লেখ্য, কর্ণফুলীর দক্ষিণ পাড়ে প্রায় ৮০০ কোটি টাকা বিনিয়োগে তিনটি শিল্পকারখানা আছে মাহবুব আলীর পারিবারিক শিল্প গ্রুপের।