নতুন সংকট সৃষ্টি হলো: বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক শিল্প মালিক সমিতি বিজিএমইএ মনে করে, যেকোনো কোম্পানিতে প্রশাসক নিয়োগে আইন সংশোধনের পদক্ষেপটি দেশের শিল্প ও বাণিজ্যে উদ্যোক্তাদের নিরুৎসাহিত করবে। বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আমরা দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার যে উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগ তা ব্যাহত করবে।’সংগঠনের সভাপতি আরও বলেছেন, ‘হল-মার্কের কারণে আর্থিক খাতে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, সেখান থেকে আমরা কেবল বেরিয়ে আসতে চেষ্টা করছি। এর ওপর বর্তমানে শিল্পে নতুন যে সংকটের সৃষ্টি হয়েছে তা হলো, সরকার চাইলেই বেসরকারি যেকোনো কোম্পানিতে দায়মুক্তি সহকারে প্রশাসক নিয়োগ দিতে পারবে।’আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে তৈরি পোশাক শিল্পের সার্বিক শ্রম পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলনে গতকাল বুধবার বিজিএমইএর সভাপতি এসব কথা বলেন।সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘ঈদ উপলক্ষে ইতিমধ্যেই অধিকাংশ পোশাক কারখানায় সেপ্টেম্বর মাসের বেতন, অতিরিক্ত কাজের মজুরি (ওভারটাইম) ও উৎসব ভাতা পরিশোধ করা হয়েছে। আজ বৃহস্পতিবারের মধ্যে বাকি কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হবে।’ তিনি জানান, বেতন-উৎসব ভাতা নিয়ে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিএমইএ ও বিকেএমইএ কার্যালয়ে এবং শ্রম অধিদপ্তরে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। সমস্যা দেখা দিতে পারে, এ রকম প্রায় ৬০০ পোশাকশিল্প প্রতিষ্ঠানকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাজধানীতে বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি সিদ্দিকুর রহমান, ফারুক হাসান, এস এম মান্নান, সাবেক সহসভাপতি আতিকুল ইসলাম প্রমুখ।মহিউদ্দিন বলেন, এবারের ঈদে সবচেয়ে স্পর্শকাতর ছিল হল-মার্ক গ্রুপের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ। ইতিমধ্যেই ত্রিপক্ষীয় সমঝোতায় হল-মার্ক গ্রুপে কর্মরত ১৭ হাজার শ্রমিকের বেতন দেওয়া হয়েছে। তা হলে হল-মার্ক গ্রুপের শ্রমিকেরা রাস্তা অবরোধ ও বিশৃঙ্খলা করছেন কেন, এমন প্রশ্নের জবাবে মহিউদ্দিন বলেন, ‘আমরা আসলে অনেক চেষ্টায় হল-মার্কের সেপ্টেম্বর মাসের শ্রমিকের বেতন পরিশোধ করতে পেরেছি। উৎসব ভাতা বা অক্টোবর মাসের বেতন নিয়ে কিছু করতে পারিনি।’ তবে তিনি বলেন, এই বেতন ও উৎসব ভাতাও শ্রমিকেরা পাবেন। এর জন্য হয়তো কিছু সময় লাগবে। তিনি বলেন, ‘আমরা শ্রমিক ভাইবোনদের অন্য কারখানাতে কাজ নেওয়ারও পরামর্শ দিয়েছি।’ বিজিএমইএ সভাপতি জানান, ঈদের আগে যাতে শ্রমিকেরা নিয়মিত বেতন-ভাতাদি পান, সে জন্য সরকারের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় প্রস্তুতি নিয়েছে বিজিএমইএ। এ জন্য পোশাকশিল্প-অধ্যুষিত এলাকাগুলোকে ৯ ভাগে ভাগ করে নয়টি আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি ও নিয়ন্ত্রণকক্ষের নিবিড় তত্ত্বাবধানে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে পোশাকশিল্পের জন্য উৎকণ্ঠার বিষয় উল্লেখ করে সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে চলমান দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। এটি হলে ভারত ইইউ বাজারে বাংলাদেশের মতোই পোশাক রপ্তানিতে জিএসপি সুবিধা পাবে। এতে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজারে ভারত বৃহৎ প্রতিযোগী হিসেবে আবির্ভূত হবে। অন্যদিকে মিয়ানমারের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউর যে বাণিজ্য নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, ইইউ ও অন্যান্য দেশের সঙ্গে মিয়ানমারের বাণিজ্য শুরু হয়েছে। গ্যাসসহ অন্যান্য সম্পদে সমৃদ্ধ মিয়ানমার তাই ভবিষ্যতে বাংলাদেশের বড় প্রতিযোগী হতে পারে বলে মনে করে বিজিএমইএ।