নতুন সফটওয়্যারের জন্য বারবার বিঘ্নিত লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের নতুন সফটওয়্যার ‘এমএসএ প্লাসের’ কারিগরি ত্রুটির কারণে বারবার লেনদেন বিঘ্নিত হচ্ছে। সর্বশেষ গত মঙ্গলবার ১২টি ব্রোকারেজ হাউস এই সফটওয়্যারে লগইন করতে ব্যর্থ হওয়ায় লেনদেনে অংশ নিতে পারেনি। বারবার লেনদেন বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটলেও ডিএসই কর্তৃপক্ষ বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) যথাসময়ে অবহিত করছে না। মঙ্গলবার ১২টি ব্রোকারেজ হাউস এমএসএ প্লাস সফটওয়্যারে লগইনে ব্যর্থ হওয়ার ঘটনাটিও বিএসইসিকে জানানো হয়নি। এ কারণে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেনের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএসইসি। এর আগে নতুন দুটি কোম্পানির তালিকাভুক্তিকে কেন্দ্র করে ডিএসইর নতুন সফটওয়্যারে সমস্যা দেখা দেয়। এর ফলে নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে লেনদেন শুরু করতে হয়। সে সময়ও বিষয়টি নিয়ন্ত্রক সংস্থাকে যথাসময়ে জানানো হয়নি। এ কারণে ওই সময়ও একবার ডিএসই কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব করে বিএসইসি। বিএসইসি এক চিঠিতে বলেছে, ১২টি ব্রোকারেজ হাউস লেনদেনে অংশ নিতে না পারার বিষয়টি তাৎক্ষণিকভাবে কমিশনকে জানানো হয়নি। এর আগে একাধিকবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। চিঠিতে কেন এ ধরনের ঘটনা ঘটছে এবং এসব ঘটনা রোধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তিন কার্যদিবসের মধ্যে বিএসইসিকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে এও বলা হয়েছে, ডিএসইর ব্যাখ্যা কমিশনের কাছে গ্রহণযোগ্য না হলে সংশ্লিষ্ট ঘটনার জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে সিকিউরিটিজ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে জানতে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।