পুরান ঢাকা থেকে দাহ্য রাসায়নিক পদার্থের (কেমিক্যাল) গুদামগুলো সরানোর জন্য সংশ্লিষ্ট মালিকেরা আরও প্রায় দেড় মাস সময় পেলেন।আজ বুধবার গুদাম সরানোর শেষ দিন নির্ধারিত ছিল। কিন্তু ব্যবসায়ীদের অনুরোধে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সময়সীমা বাড়িয়ে আগামী ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন।মন্ত্রী এ প্রসঙ্গে বলেছেন, আগামী ২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শিল্প মন্ত্রণালয়, স্থানীয় জনপ্রতিনিধি, ঢাকা জেলা প্রশাসন এবং টাস্কফোর্সের সম্মিলিত দল গুদাম স্থানান্তরের কার্যক্রম তদারক করবে। ১ অক্টোবর থেকে মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২০টি দাহ্য কেমিক্যালের কোনো গুদাম পুরান ঢাকায় পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।শিল্পমন্ত্রী গতকাল মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের বর্ধিত ভবনে এনপিও সম্মেলনকক্ষে শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় নতুন এ সময়সীমার ঘোষণা দেন।বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি শাহেদুল ইসলাম হেলালের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাশেম খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক মেজর শেখ মো. শাহজাহান, পুরান ঢাকার ব্যবসায়ী আবদুস সালাম, এস এম কামাল উদ্দিন, মো. ফারুক, বেলায়েত হোসেন, আবদুল মোতালেব প্রমুখ বক্তব্য রাখেন।দিলীপ বড়ুয়া বলেন, দাহ্য কেমিক্যালের গুদামগুলো স্থানান্তরের জন্য সময় বাড়ানোর প্রক্রিয়া অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না। বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে পুরান ঢাকার দাহ্য পদার্থের গুদামগুলো স্থানান্তরের জন্য ব্যবসায়ীদের যথেষ্ট সময় দেওয়া হয়েছে। তিনি পরিবেশবান্ধব কেমিক্যাল ব্যবসার জন্য ব্যবসায়ীদের উদ্যোগেই এ-সংক্রান্ত খসড়া নীতিমালা ও বিশেষজ্ঞ কমিটি গঠন করা উচিত বলে মন্তব্য করেন।অনুষ্ঠানে পুরান ঢাকার ব্যবসায়ীরা নতুন সময়সীমার মধ্যে দাহ্য পদার্থের গুদামগুলো সরিয়ে নিতে সম্মত হন। পাশাপাশি তাঁরা শিল্প ও ব্যবসার সুবিধার্থে ট্যানারি মালিকদের জন্য স্থাপিত সাভার চামড়া শিল্পনগরের অনুরূপ দাহ্য কেমিক্যাল গুদামের জন্য সুনির্দিষ্ট শিল্প এলাকা বরাদ্দ দিতে সরকারের কাছে দাবি জানান।উল্লেখ্য, গত ৩ জুন নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২৩ জন নিহত হন। নবাব কাটরার একটি কেমিক্যাল গুদাম থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭টি পাকা ভবন এবং ১১টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনার পর আন্তমন্ত্রণালয়ের এক সভায় এ ব্যাপারে একটি টাস্কফোর্স গঠন করা হয় এবং টাস্কফোর্সের নির্দেশনায় পুরান ঢাকা থেকে দাহ্য রাসায়নিক পদার্থ অপসারণের সিদ্ধান্ত হয়।