নতুন সরকারের প্রথম একনেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সরকার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভায় সাত হাজার ৭৩৫ কোটি টাকা ব্যয়ে মোট ১৩টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে তিন হাজার ৫৮৮ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং অবশিষ্ট চার হাজার ১৪৭ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।
শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত নতুন সরকারের প্রথম এই একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো দুই হাজার ৪৭১ কোটি টাকার মিউনিসিপ্যাল গভর্নেন্স অ্যান্ড সার্ভিসেস (পৌর শাসন ও সেবা) নামের উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের আওতায় দেশের চারটি নতুন সিটি করপোরেশন এবং ২২টি গুরুত্বপূর্ণ পৌরসভায় ৬০০ কিলোমিটার সড়ক, ৪১০ কিলোমিটার পয়োনিষ্কাশন লাইন, ১২টি বাস টার্মিনাল, চারটি ট্রাক টার্মিনাল, ২৬টি কাঁচাবাজার, ২৬টি পাইকারি বাজার, ৩৬টি গণশৌচাগার ও ছয়টি পার্ক উন্নয়ন করা হবে। একই সঙ্গে ৫৭০ মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হবে।
এ ছাড়া প্রকল্পের মাধ্যমে ১৪৬টি পৌরসভার সক্ষমতা বৃদ্ধি ও বাস্তবায়নে সহায়তা দেওয়া হবে।
বিশ্বব্যাংক এ প্রকল্পে এক হাজার ৯৫৪ কোটি টাকা দেবে। ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর মেয়াদে স্থানীয় সরকার বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
সভায় আগামী মার্চে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে রাজধানী সাজাতে ১১৫ কোটি টাকা ব্যয়ের প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সংশ্লিষ্ট প্রকল্পটির অধীনে রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তা ও দুটি আন্তর্জাতিক স্টেডিয়াম-সংলগ্ন রাস্তার অবকাঠামো উন্নয়ন করা হবে। একই সঙ্গে এবং সুষ্ঠু যানবাহন চলাচল নিশ্চিত করতে কার্যক্রম সম্পন্ন হবে।
এ প্রকল্পে সরকার ৯২ কোটি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিজস্ব তহবিলের ২৩ কোটি টাকা দেবে। আর প্রকল্প বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগ। প্রায় ২৩ কিলোমিটার রাস্তার অবকাঠামোগত উন্নয়ন, সাড়ে ২৩ কিলোমিটার রাস্তার ট্রাফিক সাইন, পথনকশা আলোকায়ন ও বিদ্যুতায়ন এবং সাড়ে ২০ কিলোমিটার রাস্তা উজ্জ্বল আলোয় সজ্জিতকরণ, সৌন্দর্যবর্ধন ও সাজসজ্জা কার্যক্রম প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভা শেষে নতুন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, গত ছয় মাসে দেশের অর্থনীতির ক্ষতি পুষিয়ে নিতে সরকার চেষ্টা চালিয়ে যাবে। তাঁর মতে, দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে অর্থনীতিতে। মাঠ পর্যায়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে। চার বছর ধরে ৬ শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জিত হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে এবার সেই লক্ষ্য অর্জনের পথ বাধাগ্রস্ত হয়েছে। তবে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ধরে রাখতে সব ধরনে প্রচেষ্টা চালানো হবে বলে জানান তিনি।
নির্বাচন পরিবর্তিত সময়ে উন্নয়নকাজে দাতাদের অর্থ ছাড় বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে দাতাদের প্রশ্ন থাকতে পারে, তবে উন্নয়ন নিয়ে তাদের মধ্য কোনো বিরূপ মানসিকতা নেই।’ আরেক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘দুর্নীতির বিষয়ে ব্যবস্থার কথা এর আগেও প্রধানমন্ত্রী বারবার বলেছে। দুর্নীতিবাজ মন্ত্রী, সাংসদ চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদপত্রের মাধম্যে জানতে পেরেছি, দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে ৫০ জন মন্ত্রী ও সংসদ সদস্যদের চিঠি দেওয়া হচ্ছে। আয়কর না দিয়ে কোনো সম্পদ তৈরি করা দুর্নীতি।’
অন্য প্রকল্পসমূহ: দুই হাজার ৫৪ কোটি টাকার উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির প্রকল্প; ৯২৪ কোটি টাকার ১০০ উপজেলা কারিগরি টেকনিক্যাল স্কুল স্থাপন প্রকল্প; ৮২৬ কোটি টাকার বিভিন্ন জেলায় ৩০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প; ৪৩২ কোটি টাকার সমন্বিত খামার ব্যবস্থাপনা অঙ্গ, কৃষি উৎপাদন ও কর্মসংস্থান কর্মসূচি প্রকল্প; ৩১৫ কোটি টাকার বাংলাদেশ রেলওয়ে সংস্কার (প্রথম সংশোধিত) প্রকল্প; ২৪৫ কোটি টাকার মধুমতি নদীর ওপর কালনা সেতু নির্মাণ প্রকল্প ইত্যাদি।
একনেক সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।