‘সরকার কেন নতুন সিএজি নিয়োগ দিচ্ছে না, সত্যিই তা ভাবার বিষয়’
নতুন সিএজি নিয়োগ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ঢিলেমি
সাংবিধানিক পদ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) নিয়োগ নিয়ে ঢিলেমি চলছে। এর নেপথ্যে রয়েছে অর্থ মন্ত্রণালয়। সদ্য বিদায়ী সিএজি আহমেদ আতাউল হাকিমের মেয়াদ শেষ হয়েছে গত ১১ ফেব্রুয়ারি। সে অনুযায়ী তিনি চলেও গেছেন। কিন্তু, এর মধ্যে নতুন কাউকে আর সিএজি নিয়োগ দেননি রাষ্ট্রপতি। এর বদলে অর্থ মন্ত্রণালয় এক অফিস আদেশে ভারপ্রাপ্ত সিএজি হিসেবে একজনকে নিয়োগ দিয়েছে।যোগাযোগ করা হলে সাবেক উপদেষ্টা ও সাবেক সিএজি হাফিজ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের আদেশটি সম্পূর্ণ বেআইনি। রাষ্ট্রপতি ছাড়া এ পদে কেউ নিয়োগ আদেশ দিতে পারে না।’ অর্থ মন্ত্রণালয় বরং এই আদেশ জারি করে সাংবিধানিক পদটির অসম্মান করেছে বলে তিনি মনে করেন।সংবিধানের ১২৭(১) ধারা অনুযায়ী সিএজি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। কিন্তু সংবিধানের ১৩০ ধারায় বলা হয়েছে, সিএজি পদ শূন্য হলে বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত সিএজি নিয়োগ দিতে পারবেন।সিএজিকে বলা হয় রাষ্ট্রের সর্বোচ্চ নিরীক্ষক।রেওয়াজ অনুযায়ী, সিএজি পদ শূন্য হওয়ার আগেই নতুন কাউকে নিয়োগ দেওয়ার ব্যাপারে কাজ শুরু করে অর্থ মন্ত্রণালয়। অন্য অনেক গুরুত্বপূর্ণ পদের মতো সিএজি পদেও সম্ভাব্য কয়েকজনের নাম ও বৃত্তান্ত উপস্থাপন করা হয় অর্থমন্ত্রীর কাছে। তারপর একজনের নাম চূড়ান্ত করে অনুমোদনের জন্য পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। কিন্তু এবার আর অর্থ মন্ত্রণালয় তা করেনি।সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের কোনো একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে ভবিষ্যতে সিএজি নিয়োগ দেওয়া হবে, যিনি আবার বর্তমানে সিএজি হওয়ার যোগ্য নন—এমন বিবেচনা থেকেই সাংবিধানিক এই পদটিতে কাউকেই নিয়োগ দেওয়া হচ্ছে না। গোটা সিএজি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিষয়টি নিয়ে অসন্তোষ বিরাজ করছে।এমন পরিস্থিতিতে বিদায়ী সিএজি আহমেদ আতাউল হাকিম অবসরে যাওয়ার আগের দিন মৌখিকভাবে কন্ট্রোলার জেনারেল (ডিফেন্স ফিন্যান্স) মোতাহার হোসাইনকে সিএজির নিয়মিত কাজ দেখাশোনার দায়িত্ব দিয়ে যান। মৌখিক আদেশের ব্যাপারে ১২ ফেব্রুয়ারি অফিস আদেশ জারি করেন অতিরিক্ত উপমহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এসএম রেজভী।কিন্তু এক সপ্তাহ পর ১৮ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয় অপর এক অফিস আদেশে সিএজি কার্যালয়ের আদেশটি বাতিল করে দেয়। পাশাপাশি ভারপ্রাপ্ত সিএজি নিয়োগ দেয় উপমহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিনিয়র) মো. আমির খসরুকে।সদ্য বিদায়ী আহমেদ আতাউল হাকিম বলেন, সিএজির কাজ অনেক গুরুত্বপূর্ণ। সরকার কেন নতুন সিএজি নিয়োগ দিচ্ছে না, সত্যিই তা ভাবার বিষয়। তবে নতুন সিএজি নিয়োগ না দেওয়ার কারণ হিসেবে হাফিজ উদ্দিন খান বলেন, ‘এ রকম কর্মকাণ্ডে সরকারের উদ্দেশ্য সৎ মনে হচ্ছে না। এতে করে এখন আর কোনো নিরীক্ষা প্রতিবেদনই প্রকাশিত হবে না।’এ বিষয়ে অর্থসচিব ফজলে কবীর প্রথম আলোকে বলেন, ‘আমরা নতুন কাউকে নিয়োগ দেইনি। নিয়মিত কাজ করার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নতুন সিএজি নিয়োগ দেবেন, অর্থ মন্ত্রণালয় এখানে কেন আদেশ দিল—এমন প্রশ্নের জবাবে অর্থসচিব বলেন, ‘আমরা আমাদের এখতিয়ার অনুযায়ীই কাজ করেছি।’ উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতা ও ঢিলেমির কারণে হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) পদটিও আট মাস শূন্য পড়ে ছিল।