নতুন সিদ্ধান্তের বিষয়ে অ্যাকর্ড আনুষ্ঠানিকভাবে বিজিএমইএকে জানাবে
তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে ২০২১ সাল পর্যন্ত থাকার বিষয়টি ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএকে আনুষ্ঠানিকভাবে জানাবে।
অ্যাকর্ডের নির্বাহী পরিচালক রব ওয়েজ গতকাল সোমবার বিজিএমইএ কর্তৃপক্ষকে এক ই-মেইল বার্তার মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। এতে তিনি জানান, অ্যাকর্ডের নতুন সংস্করণের নিয়মকানুনের বিষয়ে বিস্তারিত জানানো হবে। বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান গতকাল রাতে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে বিজিএমইএর এই সহসভাপতি বলেন, ‘আমরা আশা করছি, অ্যাকর্ডের সময় বৃদ্ধির ঘোষণাটি এখন পর্যন্ত সিদ্ধান্ত নয়, বরং প্রস্তাব। বিষয়টি নিয়ে সরকার ও আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে।’ মাহমুদ হাসান খান আরও বলেন, ‘গত রোববার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা আমাদের বলেছেন, অ্যাকর্ডের সময় বৃদ্ধির ঘোষণাটি প্রস্তাব। আলোচনার সুযোগ আছে।’
২০১৪ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর সাসটেইনেবল কমপ্যাক্টের মাধ্যমে অ্যাকর্ড গঠিত হয়। প্রায় ২০০ ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান এবং বৈশ্বিক ট্রেড ইউনিয়ন অ্যাকর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ আছে। চুক্তিবদ্ধ ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানের পোশাক তৈরির কাজ করে এমন প্রায় ১ হাজার ৬০০ কারখানার কর্মপরিবেশ উন্নয়নের দায়িত্বে আছে অ্যাকর্ড। আগামী বছরের মে মাসে তাদের কার্যক্রম গোটানোর কথা ছিল।
অবশ্য গত সপ্তাহে অ্যাকর্ড জানায়, ২০২১ সালের মে মাস পর্যন্ত থাকবে তারা। এরপর তারা বাংলাদেশ সরকারের কোনো প্রতিষ্ঠানের কাছে দায়িত্ব হস্তান্তর করে চলে যাবে। এ জন্য অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটি ২০১৯ সালের ডিসেম্বরে একটি সমীক্ষা করবে। এ সময় তারা দেখবে, সরকারের কোনো প্রতিষ্ঠান সক্ষমতা অর্জন করেছে কি না। তেমনটি হলে অ্যাকর্ড তার কার্যক্রম বুঝিয়ে দিয়ে চলে যাবে। অন্যথায় অ্যাকর্ডের সময়সীমা আরও এক বছর পর্যন্ত বাড়বে।
অ্যাকর্ড দাবি করেছে, তাদের নতুন সংস্করণের প্রস্তাবে ইন্ডাস্ট্রিঅল, ইউএনআই গ্লোবাল ইউনিয়নসহ কয়েকটি কোম্পানি স্বাক্ষর করেছে। শিগগিরই বাকি কোম্পানিগুলো স্বাক্ষর করবে। অন্যদিকে ইন্ডাস্ট্রিঅল জানিয়েছে, কেমার্ট অস্ট্রেলিয়া, টার্গেট অস্ট্রেলিয়া, প্রাইমার্ক, এইচঅ্যান্ডএম, ইন্ডিটেক্স, সিঅ্যান্ডএ, কিক, আলদি সাউথ, আলদি নর্থ, লিড্ল, লবলো, পিভিএইচ ইতিমধ্যে অ্যাকর্ডের নতুন প্রস্তাবে স্বাক্ষর করেছে।