নতুন সিল্ক রোড এ অঞ্চলের অর্থনৈতিক প্রসার ঘটাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোর পরস্পরের মধ্যে জ্বালানি, বাণিজ্য, ট্রানজিট ও মানুষের সম্পৃক্ততা প্রতিষ্ঠার একটি রূপরেখা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। ‘নতুন সিল্ক রোড’ নামে এই রূপরেখার মাধ্যমে দুটি পদ্ধতিতে এ অঞ্চলের অর্থনীতিকে অঙ্গীভূতকরণ এবং অর্থনৈতিক প্রসার সম্ভব বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমত, জ্বালানি ও অবকাঠামোর সম্পৃক্ততা, যার মাধ্যমে পণ্য, সেবা ও মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে। দ্বিতীয়ত, বাণিজ্য উদারীকরণ, যার আওতায় অশুল্ক বাধা অপসারণ ও আইনসম্মত সুশাসন-ব্যবস্থার মাধ্যমে এ অঞ্চলের মানুষের মধ্যে পণ্য ও সেবা বিনিময়ে গতি সঞ্চার হবে।বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও’ব্লেক এসব কথা জানিয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) বাংলাদেশের মধ্যাহ্নভোজ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।বরার্ট ও’ব্লেক বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্কোন্নয়নকে বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নকে সমর্থন করে। ও’ব্লেক বলেন, এশিয়ার যোগসূত্রে অবস্থিত হওয়ায় বাংলাদেশ নতুন সিল্ক রোডের অংশ হিসেবে শুধু ভারতের কাছ থেকেই বাণিজ্য-সুবিধা আদায় করতে পারবে তা নয়, পূর্ব এশিয়ার বাজারও ধরতে পারবে।মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেভরন ও কনোকোফিলিপসের মতো যুক্তরাষ্ট্রের বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে চায়।পরে এক প্রশ্নের জবাবে রবার্ট ও’ব্লেক বলেন, এ দেশে বিনিয়োগের জন্য প্রয়োজন অবকাঠামো উন্নয়ন, স্বচ্ছতা ও আইনের শাসন। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত-সুবিধা দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশসহ কয়েকটি দেশকে বাণিজ্যছাড় দিতে যুক্তরাষ্ট্র কাজ করছে। এ বিষয়ে কিছু পদক্ষেপও কংগ্রেস অনুমোদন করেছে।সভায় অ্যামচেমের সভাপতি চৌধুরী আফতাব উল ইসলাম বলেন, এ দেশের অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহী করতে দেশি-বিদেশি প্রচুর বিনিয়োগ দরকার। কিন্তু বিভিন্ন কারণে বিনিয়োগ আসছে না। বিভিন্ন বিষয়ে অনিশ্চয়তা, দুর্নীতি, দুর্বল অবকাঠামো, সুশাসনের অভাব, জ্বালানির ঘাটতি, আমলাতান্ত্রিক জটিলতাকে বিনিয়োগ না হওয়ার কারণ হিসেবে চিহ্নিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা, অ্যামচেমের সহসভাপতি জিওফ্রে স্ট্রং, নির্বাহী পরিচালক এ গফুর প্রমুখ।