নতুন সূচকে অন্তর্ভুক্ত হলো চার কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন সূচক ডিএসইএক্স-এ গতকাল রোববার থেকে যুক্ত হয়েছে নতুন চার কোম্পানি। এগুলো হলো সামিট পূর্বাঞ্চল পাওয়ার, আরগন ডেনিমস, এনভয় টেক্সটাইল ও জেনারেশন নেক্সট।নির্ধারিত শর্ত পরিপালনের পর এসব কোম্পানিকে নতুন সূচকে অন্তর্ভুক্ত করা হয় বলে ডিএসইর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এর ফলে নতুন সূচকে অন্তর্ভুক্ত কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৩টি। শুধু লেনদেনযোগ্য শেয়ারকে বিবেচনায় নিয়ে এই সূচকটি গণনা করা হয়।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দিন শেষে চারটি কোম্পানির শেয়ারের দামের উত্থানপতনে সম্মিলিতভাবে সূচকে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ চার কোম্পানির কারণে নতুন সূচক ডিএসইএক্স কমেছে এক পয়েন্ট। যদিও দিন শেষে নতুন এই সূচক আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে তিন হাজার ৫২৫ পয়েন্টে।এদিকে সপ্তাহের প্রথম কার্যদিবসেই গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্চে দরপতন ঘটেছে। ডিএসইর সাধারণ সূচক প্রায় ৪১ পয়েন্ট কমে নেমে এসেছে তিন হাজার ৬৬৭ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৮১ পয়েন্ট কমে নেমে এসেছে ১১ হাজার ২০ পয়েন্টে। কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, প্রাইম ব্যাংক, আইসিবি, তিতাস গ্যাস, আল-আরাফাহ্ ও ইসলামী ব্যাংক সূচক পতনের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। এই পাঁচ কোম্পানির কারণে ডিএসইর সাধারণ সূচক কমেছে প্রায় শূন্য দশমিক ৩৩ শতাংশ। সূচক বৃদ্ধিতে বড় ভূমিকা ছিল অলিম্পিক, সিঙ্গার বিডি, ম্যারিকো, ইবনে সিনা ও বার্জার পেইন্টসের। এই পাঁচ কোম্পানির জন্য সাধারণ সূচক বেড়েছে দশমিক শূন্য ৮ শতাংশ।ওই প্রতিবেদন অনুযায়ী, খাতভিত্তিক লেনদেনে এদিন শীর্ষে ছিল প্রকৌশল খাত। এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩২ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৮ শতাংশ। এদিন এ খাতের কয়েকটি কোম্পানির দাম সর্বনিম্ন সাড়ে ৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। মূল্যবৃদ্ধির সেসব কোম্পানির মধ্যে ছিল বিডি অটোকারস, বিডি ল্যাম্পস, ন্যাশনাল টিউবস, অলিম্পিক ও সিঙ্গার বিডি। দরপতনের দিনে এসব কোম্পানির শেয়ারের এমন মূল্যবৃদ্ধির পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ কেউই জানাতে পারেননি।জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রকৌশল খাতের কিছু কোম্পানির এক দিনে ১০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ নেই।খাতভিত্তিক লেনদেনে এদিন দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ খাত। এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ২৪ কোটি টাকা। কসমোপলিটন ফিন্যান্সের তথ্য অনুযায়ী, একক কোম্পানি হিসেবে ঢাকার বাজারে লেনদেনে শীর্ষে ছিল সম্প্রতি তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসর। এদিন কোম্পানিটির ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ৮ শতাংশ।ঢাকার বাজারে গতকাল লেনদেন কমে আবারও ২০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১৭৮ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ২৫ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২১ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে তিন কোটি টাকা কম।