নতুন হিসাব নিকাশের আগেই আবার ধাক্কা খেলাম
করোনার সংক্রমণ ঠেকাতে আবারও নতুন করে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। এবারের বিধিনিষেধে বন্ধ রয়েছে বেশির ভাগ শিল্পকারখানা। ১ জুলাই শুরু হয়েছে নতুন অর্থবছর। করোনায় আক্রান্ত প্রায় দেড় বছরে দেশে ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতিই–বা কী? এসব নিয়ে কথা বলেছেন বিভিন্ন খাতের দেশের ছয়জন শিল্পোদ্যোক্তা। সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ মিলাদ, শুভংকর কর্মকার, আরিফুর রহমান ও মাকসুদা আজীজ।
করোনা শুরুর ধাক্কা কাটিয়ে গত বছরের শেষ দিকে অর্থনৈতিক কর্মকাণ্ড আবার বাড়তে থাকে। আমাদেরও আশা ছিল, করোনার টিকা চলে এলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তবে শেষ পর্যন্ত তা আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আগে আবারও করোনার ধাক্কা লাগল। নতুন অর্থবছরের হিসাব-নিকাশ শুরুর আগেই নতুন করে কঠোর বিধিনিষেধের মধ্যে পড়ে গেলাম। বলা যায়, নতুন করে হিসাব-নিকাশ শুরুর আগে আবারও ধাক্কা খেলাম।
করোনার মধ্যেই আমরা এক হাজার কোটি টাকা বিনিয়োগে চট্টগ্রামে নতুন ও আধুনিক একটি ইস্পাত কারখানা গড়ে তুলেছি। কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে এ বছরের মার্চে এইচ এম স্টিল কারখানায় উৎপাদন শুরু হয়েছে। গোল্ডেন ইস্পাতসহ আমাদের দুটি কারখানায় রডের উৎপাদন সক্ষমতা ছয় লাখ টনে উন্নীত হয়েছে। চাহিদা বাড়তে থাকায় উৎপাদন সক্ষমতাও বাড়িয়েছি আমরা।
এ কথা মানতেই হবে, এ দেশের উদ্যোক্তারা ইস্পাত খাতে দক্ষতা দেখিয়েছেন। বড় বড় প্রকল্পের জন্য রড আমদানি করতে হচ্ছে না। দেশেই মানসম্পন্ন রড তৈরি হচ্ছে। চাহিদার বাড়তি উৎপাদন হচ্ছে। রপ্তানিও হচ্ছে। এই শিল্পে বছরে বেচাকেনা অন্তত ৪৫ হাজার কোটি টাকার। এটা প্রতিনিয়ত বাড়ছে। উদ্যোক্তারা যখন এই খাতকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন, তখনই করোনা দ্রুত বিকাশমান খাতটিতে দুর্দিন নিয়ে এসেছে।
রড তৈরির কাঁচামাল পুরোপুরি আমদানিনির্ভর। গত বছর শুষ্ক মৌসুমে যখন দেশে চাহিদা বাড়ছিল, তখন বিশ্ববাজার অস্থিতিশীল হতে থাকে। এখন কাঁচামালের দাম এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্ববাজার থেকে কাঁচামাল এনে উৎপাদন করে বিক্রি করলেই লোকসান গুনতে হবে। কারণ, স্থানীয় বাজারে চাহিদা কমে যাওয়ায় রডের দামও কমে গেছে। তাতে উৎপাদন খরচ তুলে আনাও কঠিন হয়ে পড়েছে। আবার বেশি দাম দিয়েও সহজে কাঁচামাল পাওয়া যাচ্ছে না। ফলে ইস্পাত খাতে এখন ব্যবসা পরিচালনা অনেক কঠিন হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে এবারের বাজেটে আগাম কর প্রত্যাহার করে সরকার এই খাতের উদ্যোক্তাদের কিছুটা স্বস্তি দিয়েছে। তাতে আমরা কিছুটা আশান্বিত হয়েছিলাম। কিন্তু নতুন ২০২১-২২ অর্থবছরের প্রথম দিন থেকে কঠোর বিধিনিষেধ শুরু হওয়ায় এই খাতে আবার ধাক্কা লাগে। শুরুতে কঠোর বিধিনিষেধের মধ্যে কারখানা খোলা থাকায় উৎপাদন বন্ধ করতে হয়নি। কাঁচামাল আমদানি, উৎপাদন ও পণ্য তৈরি করে সরবরাহ ব্যবস্থাকে সচল রাখা গেছে। কিন্তু গত শুক্রবার থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধে এবার কারখানা বন্ধ রাখতে হচ্ছে। উৎপাদন বন্ধের কারণে এ খাতের সরবরাহ ব্যবস্থাটি স্থবির হয়ে যাবে।
এখন বর্ষাকাল হওয়ায় এমনিতে বাজারে চাহিদা কিছুটা কম। তবে অক্টোবর থেকে শুরু হচ্ছে শুষ্ক মৌসুম। তখন বাড়তি চাহিদা তৈরি হবে। থেমে থাকা নির্মাণকাজ আবার শুরু হবে। পাশাপাশি নতুন করেও অনেক নির্মাণকাজ শুরু হবে। এ অবস্থায় দীর্ঘ সময় কারখানা বন্ধ থাকলে সরবরাহ ব্যবস্থায় ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। কারণ, ইস্পাতের মতো ভারী শিল্পে উৎপাদন একবার বন্ধ করে আবার চালু করতে অনেক সময় লাগে।
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে কঠোর বিধিনিষেধের বিকল্প নেই, এটা হয়তো সত্যি। করোনা শুরুর পর থেকে আমরা স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলাও রেখেছিলাম। ভবিষ্যতেও কঠোর বিধিনিষেধে স্বাস্থ্যবিধি মেনে ইস্পাত কারখানা খোলা রাখা জরুরি। কারণ, সরকারের উন্নয়ন প্রকল্পকে গতিশীল রাখতে হলে রডসহ ইস্পাত পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে হবে। কারখানা বন্ধ রেখে সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা কঠিন। সরকার যেসব প্রকল্প হাতে নিয়েছে সেগুলোর কর্মযজ্ঞ অব্যাহত রাখতে কারখানা খোলার বিকল্প নেই।
মোহাম্মদ সারোয়ার আলম, পরিচালক, এইচ এম স্টিল ও গোল্ডেন ইস্পাত