নতুন হিসাবে জিডিপির প্রবৃদ্ধি বেড়েছে
ভিত্তিবছর পরিবর্তন হওয়ায় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে গেছে। গত অর্থবছরে (২০১২-১৩) জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১৮ শতাংশ। নতুন ভিত্তিবছর ২০০৫-০৬ ধরে জিডিপি প্রবৃদ্ধির সাময়িক প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
এর আগে ১৯৯৫-৯৬ ভিত্তিবছর ধরে গত অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ০৩ শতাংশ প্রাক্কলন করেছিল বিবিএস।
সম্প্রতি বিবিএস পুরোনো ভিত্তিবছর বাদ দিয়ে নতুন ভিত্তিবছর ধরে গণনা শুরু করে।
জিডিপি প্রবৃদ্ধি আগের চেয়ে বাড়লেও লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ছিল ৭ দশমিক ২ শতাংশ।
নতুন ভিত্তিবছরে এযাবৎকালের সর্বোচ্চ ৬ দশমিক ৮৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ২০১০-১১ অর্থবছরে। আর ২০১১-১২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৪৮ শতাংশ।
বিবিএস আরও বলছে, গত অর্থবছর শেষে স্থিরমূল্যে জিডিপির আয়তন দাঁড়িয়েছে সাত লাখ ২০ হাজার ৪০৯ কোটি টাকা। চলতি মূল্যে এর আয়তন ১১ লাখ ৮৮ হাজার ৭১ কোটি টাকা।