নতুন ০১৩ নম্বর সিরিজ পেল গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

০১৭ সিরিজের পাশাপাশি নতুন করে ০১৩ নম্বর সিরিজ ব্যবহারের অনুমতি পেয়েছে গ্রামীণফোন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বৈঠকে গতকাল রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ প্রথম আলোকে বলেন, শর্ত সাপেক্ষে গ্রামীণফোন ০১৩ সিরিজ ব্যবহারের অনুমতি পেয়েছে।
০১৭ সিরিজে বরাদ্দ পাওয়া ১০ কোটি নম্বর শেষ হয়ে আসায় নতুন নম্বর সিরিজ চেয়ে গত বছর বিটিআরসির কাছে আবেদন করে অপারেটরটি। জাতীয় নম্বর পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশে মুঠোফোন অপারেটরদের নম্বর সিরিজ ০১ দিয়ে শুরু হয়। এর মধ্যে সিটিসেল ০১১, টেলিটক ০১৫, এয়ারটেল ০১৬, রবি ০১৮ ও বাংলালিংক ০১৯ নম্বর সিরিজ ব্যবহার করে। এর বাইরে ০১০, ০১২, ০১৩ ও ০১৪ নম্বর সিরিজ অব্যবহৃত ছিল। সেখান থেকেই ০১৩ সিরিজটি ব্যবহারের জন্য গ্রামীণফোনকে দেওয়ার সিদ্ধান্ত হলো। একেকটি সিরিজ দিয়ে ১১ অঙ্কবিশিষ্ট ১০ কোটি নম্বর অপারেটররা বিক্রি করতে পারে।
গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, ‘আমাদের বর্তমান নম্বর সিরিজ নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। নতুন গ্রাহকদের সেবা দিতে নতুন নম্বর সিরিজ প্রয়োজন।’