নতুন ২০ টাকার নোট ছাড়া হয়েছে বাজারে
দেশের বাজারে গতকাল বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে নতুন রঙের ২০ টাকার নোটের প্রচলন শুরু হয়েছে।বর্তমানে প্রচলিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিসংবলিত ২০ টাকার নোট ও ৫০০ টাকার নোটের মধ্যে রঙের ক্ষেত্রে কিছুটা মিল থাকায় রং পরিবর্তন করে নতুনভাবে এই নোট বাজারে ছাড়া হয় বলে জানা গেছে।নতুন এই নোটের এক পিঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং অন্য পিঠে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের নকশা ব্যবহার করা হয়েছে।প্রচলিত ২০ টাকা ও ৫০০ টাকার নোটের আকৃতি ভিন্ন হলেও রঙে কিছুটা সাদৃশ্য রয়েছে। এ কারণে বিভ্রান্তি এড়াতে ২০ টাকার নোটের রঙে কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন এই নোটের সামনে ও পেছনের দুই পাশে হলুদ এবং আলপনার রং গাঢ় কমলা করে তা পুনর্মুদ্রণ করা হয়েছে।২০ টাকার নতুন নোট বাংলাদেশ ব্যাংকের ঢাকার মতিঝিল শাখা থেকে ছাড়া হয়। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখাসহ সব তফসিলি ব্যাংকের কাউন্টারে এই নোট পাওয়া যাবে। বাজারে বর্তমানে প্রচলিত ২০ টাকার অন্যান্য নোটও চালু থাকবে।