নদী খনন হয়নি, ব্যয় বেড়ে ৭৯ থেকে ১৪৮ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় ছোট একটি নদী ব্যবস্থাপনায় খরচের প্রস্তাব করা হয়েছে ১৪৮ কোটি টাকা। ১০ বছর আগে ৭৯ কোটি টাকার ‘নতুন ডাকাতিয়া-পুরান ডাকাতিয়া-ছোট ফেনী নদী’ নিষ্কাশন এ প্রকল্পের ব্যয় চতুর্থ দফায় বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ সংশোধনের নামে আগে তিনবার ব্যয় বাড়লেও কাজ কিছুই হয়নি।
আজ সোমবার পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) সভায় ‘নতুন ডাকাতিয়া-পুরান ডাকাতিয়া-ছোট ফেনী নদী’ নিষ্কাশনের চতুর্থ সংশোধিত প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। যদিও নিয়ম অনুযায়ী একটি প্রকল্প তিনবারের বেশি সংশোধন করা যায় না। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ নিয়ম শিথিলের উদাহরণ রয়েছে বলে দাবি করেন পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা।
পলি ভরাটকরণ রোধ, নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন এবং বন্যা ও জলাবদ্ধতা রোধে কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার দূরে পুরান ডাকাতিয়া নদীর সংযোগস্থল ছোট ফেনী নদী পুনঃ খননের জন্য ২০০৪ সালের ১১ ফেব্রুয়ারি একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন হয়।
পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চতুর্থ সংশোধনী প্রস্তাব থেকে দেখা গেছে, এটি দক্ষিণ কুমিল্লা ও উত্তর নোয়াখালী সমন্বিত নিষ্কাশন প্রকল্পের অংশ। সম্পূর্ণ সরকারি বরাদ্দে করা এই প্রকল্পের মূল অনুমোদিত অর্থের পরিমাণ ছিল ৭৯ কোটি পাঁচ লাখ ৪২ হাজার টাকা। আর সংশোধিত প্রস্তাবে এর পরিমাণ ১৪৮ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা।
প্রকল্প নথি থেকে জানা গেছে, প্রস্তাবিত সংশোধনে রাজস্ব ব্যয়ের পরিমাণ কম দেখালেও নির্মাণকাজ ও অন্যান্য ব্যয় বেড়েছে প্রায় ৭০ কোটি টাকা। ২০০৪ থেকে চার বছর মেয়াদেই সংশোধনের মাধ্যমে খরচ ৭৯ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ৮৫ কোটি টাকা বাড়ানো হয়। দ্বিতীয় দফায় সংশোধনে খরচ বাড়ে ১১৫ কোটি টাকার বেশি, মেয়াদও বাড়ানো হয় ২০১২ সাল পর্যন্ত। তৃতীয় দফায় মেয়াদ ২০১৪ পর্যন্ত বাড়ানো হয়। আর প্রস্তাবিত সংশোধনে ১৪৮ কোটি টাকার বেশি খরচ ধরে মেয়াদ ২০১৫ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
ব্যয়কৃত অর্থের হিসাব নেই: ২০১১ সালে নোয়াখালীর পাউবো কর্তৃপক্ষ নদীতে ‘ক্লোজার’ নির্মাণে ব্যর্থ বলে সংশ্লিষ্ট ঠিকাদারের চুক্তি বাতিল করে এবং নতুন করে দরপত্র ডেকে উচ্চ দরে ক্লোজার নির্মাণ করে। ৫ দশমিক ২৩ কিলোমিটারে টাই বাঁধসহ ক্লোজার নির্মাণে খরচ ছিল চার কোটি ২৯ লাখ ৯৩ হাজার টাকা। কিন্তু তৃতীয়-চতুর্থ দফায় ক্লোজার নির্মাণের পরিমাণ চার দশমিক ৯২ কিলোমিটারে নেমে এলেও খরচ বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৭২ লাখ ২১ হাজার টাকায়। পাশাপাশি ৩১০ মিটারে নির্মিত ক্লোজার অসমাপ্ত নাকি সমাপ্ত, ব্যয়ই বা কত, সে হিসাব উল্লেখ করা হয়নি।