নৌযান ধর্মঘটে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সারা দেশে নদীপথে পণ্য পরিবহনব্যবস্থা। এ কারণে গত মঙ্গলবার রাত ১২টা থেকে সারা দেশের নদীপথে চার লাখ ৪২ হাজার টন পণ্য নিয়ে ভাসছে ৪২৪টি জাহাজ। এসব জাহাজে রয়েছে ভোগ্যপণ্য, শিল্পের কাঁচামালসহ মোট ১৩ ধরনের সামগ্রী। বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে বড় আকারের পণ্যবাহী জাহাজ ভিড়তে পারে না। এসব জাহাজ বহির্নোঙরে অবস্থান করে। সেখান থেকে ছোট আকারের জাহাজে পণ্য বোঝাই করে কর্ণফুলী নদী দিয়ে চট্টগ্রামে ও সারা দেশের ১৬টি মূল গন্তব্যে পাঠানো হয়। এই প্রক্রিয়ায় বহির্নোঙর থেকে দেশব্যাপী বছরে প্রায় সোয়া কোটি টন পণ্য নদীপথে পরিবহন করা হয়।বন্দরের তথ্য অনুযায়ী গত দুই দিনে বহির্নোঙরে ১২টি বড় জাহাজ এসেছে। আগামী দু-এক দিনের মধ্যে আরও অন্তত সাতটি বড় জাহাজ আসার কথা রয়েছে।বহির্নোঙরে পণ্য খালাসে নিয়োজিত শিপ হ্যান্ডলিং অপারেটর এরিয়েন স্টিভিডোরসের পরিচালক সরওয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের চারটি বড় জাহাজ থেকে পণ্য খালাসের কথা ছিল। কিন্তু ধর্মঘটের কারণে তা সম্ভব হচ্ছে না।’জানা গেছে, ধর্মঘট শুরুর আগে কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে ৪০টি জাহাজে ৫৩ হাজার ৭২০ টন পণ্য খালাসের জন্য প্রস্তুত রাখা হলেও সেগুলোতে কাজ হয়নি। একইভাবে সারা দেশে নদীপথে ও ঘাটে আরও ৩৮৪টি জাহাজ তিন লাখ ৮৮ হাজার ৩৫১ টন পণ্য নিয়ে দাঁড়িয়ে আছে। লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের সূত্রে জানা গেছে, পণ্য খালাস না হওয়া জাহাজগুলোতে সবচেয়ে বেশি রয়েছে সিমেন্টশিল্পের কাঁচামাল ক্লিংকার। সাড়ে চার লাখ টন পণ্যের মধ্যে ক্লিংকার রয়েছে এক লাখ ১২ হাজার টন। ইউরিয়া সার রয়েছে প্রায় এক লাখ টন। অন্যান্য পণ্যের মধ্যে আছে: বিলেট, সয়াসিড, ডাল, গম, লবণ, জিপসাম, কয়লা, এমওপি সার, অপরিশোধিত চিনি, স্ল্যাগ, বল ক্লে ইত্যাদি।সংস্থাটির নির্বাহী পরিচালক মাহবুব রশীদ প্রথম আলোকে বলেন, খালাস ও বোঝাই কার্যক্রম বন্ধ থাকায় পণ্যভর্তি লাইটার জাহাজগুলো এখন নদীতে ভাসছে। মাশুল বিষয়ে আলোচনার আহ্বান এদিকে বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা) বেসরকারি কনটেইনার ডিপোতে শ্রমিকের মজুরি বৃদ্ধি নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে, তার বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে।চট্টগ্রামের একটি হোটেলে গতকাল বুধবার সংগঠনের সভাপতি নুরুল কাইয়ুম খান এ আহ্বান জানান। এ সময়ে সংগঠনের প্রথম সহসভাপতি এস এ জে রিজভী, সহসভাপতি খলিলুর রহমান, মোহাম্মদ ইউনুছ ও ইমরান ফাহিম নুর, উপদেষ্টা আহসান আজিজ, সদস্য বেনজীর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ১ জানুয়ারি থেকে বেসরকারি ডিপোতে কাভার্ড ভ্যান থেকে রপ্তানি পণ্যভর্তি প্রতি কার্টন খালাস ও শেডে সাজিয়ে রাখার মাশুল বা মজুরি এক টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে তিন টাকা করেছে বিকডা। এর প্রতিবাদে পরদিনই বিজিএমইএ এক সংবাদ সম্মেলনে বেসরকারি ডিপো বয়কটের হুমকি দেয়। এ পরিস্থিতিতে গতকাল এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিকডা।নূরুল কাইয়ুম খান বলেন, পাঁচ বছর আগে শ্রমিক-মাশুল ছিল কার্টনপ্রতি দুই টাকা। কিন্তু বিশ্বমন্দার জন্য ২০০৭ সালের সেপ্টেম্বরে বিজিএমইএর সঙ্গে সমঝোতা স্মারক সই করে তা নির্ধারণ করা হয় এক টাকা ৬০ পয়সা। এরপর এতোদিনেও মাশুল বাড়ানো যায়নি।