একনেকে ২ হাজার ৩৮৫ কোটি টাকার ৭ প্রকল্প অনুমোদন
নদীর নাব্যতার জন্য ২০টি খননযন্ত্র কিনবে সরকার
নদীর নাব্যতা ধরে রাখতে ২ হাজার ৪৮ কোটি টাকায় ২০টি ড্রেজার বা খননযন্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব যন্ত্র দিয়ে প্রতিবছর ২৫২ লাখ ৪০ হাজার ঘনমিটার নদী খনন করা সম্ভব হবে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ-সংক্রান্ত একটি প্রকল্পসহ মোট সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা কমিশন-সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও জানিয়েছেন, প্রকল্পের আওতায় ২০টি ড্রেজার ছাড়াও বেশ কিছু সহায়ক যন্ত্রপাতি কেনা হবে। এর মধ্যে রয়েছে ২০টি ক্রেনবোট, ৮টি টাগবোট, ২০টি ক্রু হাউস বোট, ৮টি অফিসার্স হাউস বোট, ৫টি ইনল্যান্ড সার্ভে ভেসেল, ১০টি সার্ভে ওয়াক বোট, ১২টি পাইপ ক্যারিং বার্জ, ৫টি অয়েল বার্জ, ৪টি ওয়াটার বার্জ এবং ৩ হাজার ২০০টি শোর পাইপ। ২০১৫ সালের জুলাই থেকে ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ প্রকল্প বাস্তবায়ন করবে।
পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগের তথ্য অনুযায়ী, দেশে এখন ২৪ হাজার কিলোমিটার নৌপথ রয়েছে। আর ১২ দশমিক ৩ শতাংশ জনগোষ্ঠীর পণ্য পরিবহনের জন্য শুধু নৌপথ ব্যবহার করা হয়।
এদিকে গতকালের একনেক সভায় অনুমোদন পাওয়া সাতটি প্রকল্পের মোট ২ হাজার ৩৮৫ কোটি টাকার মধ্যে সরকার জোগান দেবে ২ হাজার ৩৭৩ কোটি টাকা। আর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে বাকি ১২ কোটি টাকা। একনেক সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভার সিদ্ধান্তগুলো সাংবাদিকদের অবহিত করেন।
মন্ত্রী জানান, গতকাল সভায় ড্রেজার কেনার প্রকল্প ছাড়াও রয়েছে সাড়ে ৬২ কোটি টাকায় গোদাগাড়ী-আমনুরা-নাচোল-পার্বতীপুর-আড্ডা সড়ক উন্নয়ন, ৬০ কোটি টাকায় রংপুর সিটি করপোরেশনের রাস্তা উন্নয়ন ও ড্রেন কাম ফুটপাত নির্মাণ, সাড়ে ৩৬ কোটি টাকায় সোনাহাট স্থলবন্দর উন্নয়ন, ৫৯ কোটি টাকার বিজিবির সদর দপ্তরে দুটি ১৫ তলাবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ, ৪০ কোটি টাকায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শেখ রাসেল এভিয়ারি ও ইকোপার্ক স্থাপন এবং ৭৯ কোটি টাকায় নওগাঁয় ভূ-উপরিস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধির মাধ্যমে সেচ-সুবিধা সম্প্রসারণ ও জলাবদ্ধতা দূরীকরণ।