নবগঠিত বিভাগ ও প্রস্তাবিত সিটি করপোরেশনের উন্নয়ন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবগঠিত বিভাগ ও প্রস্তাবিত সিটি করপোরেশন হিসেবে ময়মনসিংহের জন্য নতুন বাজেটে সুষম বরাদ্দ চেয়েছেন এখানকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পাশাপাশি তাঁরা ময়মনসিংহে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠা, ব্রহ্মপুত্র নদ খনন, ডাবল রেললাইন স্থাপন ও পূর্ণাঙ্গ স্থলবন্দর চালুর দাবি জানিয়েছেন।
আসন্ন ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপলক্ষে আলাপকালে এসব দাবি উঠে এসেছে। একই সঙ্গে বাজেটে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং গ্যাস ও বিদ্যুতের দাম আর না বাড়ানোরও দাবি তোলেন তাঁরা।
ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম প্রথম আলোকে বলেন, নতুন অর্থবছরের বাজেটে প্রথম চাওয়া হলো নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের স্বার্থে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ নেওয়া। তিনি নবগঠিত ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও প্রস্তাবিত সিটি করপোরেশনের জন্য এই বাজেটেই অর্থ বরাদ্দের দাবি জানান।
স্থানীয় নাগরিক সমাজের অনেকেই বলেন, অর্থনৈতিকভাবে দেশের অনেক অঞ্চলের চেয়ে ময়মনসিংহ পিছিয়ে। তা সত্ত্বেও নানা অদৃশ্য কারণে প্রতিবছর বাজেটে ময়মনসিংহের জন্য অর্থ বরাদ্দের পরিমাণ তুলনামূলক কম থাকে। আসছে বাজেটে যেন এই বৈষম্য দূর করা হয়। তাঁরা বলেন, ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা, বাজেট বরাদ্দের মাধ্যমে ব্রহ্মপুত্র নদ খনন করে এর নাব্যতা ফিরিয়ে আনা হোক। এতে ব্রহ্মপুত্র অববাহিকায় কৃষির সমৃদ্ধি ঘটবে।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ময়মনসিংহ সদর উপজেলা শাখার সভাপতি শিব্বির আহমেদ বলেন, ‘রাজনৈতিক কারণে বাজেটে ময়মনসিংহের সঙ্গে বৈষম্য করা হতো। কিন্তু ময়মনসিংহ এখন বিভাগ হয়েছে। তাই এবারের বাজেটে সেই বৈষম্য দূর করা হবে বলে আশা করি। এ ছাড়া ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে যমুনা সেতু পর্যন্ত ডাবল রেললাইন করা হলে কৃষিপণ্য পরিবহনে ব্যয় কমে অর্ধেকে নেমে আসবে। তাই বাজেটে ডাবল রেললাইনের জন্য বরাদ্দ রাখার দাবি জানাই।’
ব্যবসায়ীরা বাজেটে ময়মনসিংহে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার পদক্ষেপ দেখতে চান।
ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক শংকর সাহা বলেন, বাজেটে ব্যবসায়ীদের প্রত্যাশার প্রতিফলন চান।