নববর্ষ ভাতায় সরকারের ৫৪০ কোটি টাকা খরচ
২১ লাখ সরকারি কর্মচারীকে ‘বাংলা নববর্ষ ভাতা’ দিতে সরকারের ৫৪০ কোটি টাকা খরচ হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে গতকাল সোমবার এ তথ্য জানা গেছে। বেসামরিক, সামরিক, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীরা এরই মধ্যে নববর্ষ ভাতা পেয়েছেন।
অর্থ বিভাগ সূত্র জানায়, এবার পেনশনভোগীসহ বেসামরিক ১১ লাখ সরকারি কর্মচারীর জন্য বাংলা নববর্ষ ভাতা দেওয়া হয়েছে ৩২০ কোটি টাকা। বাকি ২২০ কোটি টাকা সশস্ত্র বাহিনী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য নববর্ষ ভাতার জন্য ব্যয় হবে।
মাসিক নিট পেনশনভোগী এবং আজীবন পারিবারিক পেনশনভোগীরাও তাঁদের মাসিক নিট পেনশনের ২০ শতাংশ হারে নববর্ষ ভাতা পেয়েছেন।
২০১৫ সালের ১০ অক্টোবর নববর্ষ ভাতা চালুর বিষয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ বিভাগ। এরপর ১৫ ডিসেম্বর জারি হয় অষ্টম বেতনকাঠামোর প্রজ্ঞাপন। দেশে প্রথমবারের মতো এ ভাতা চালু করা হয়।
এর আগে গত বছরের ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নববর্ষ ভাতা চালুর সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের পর তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানিয়েছিলেন, দেশে ধর্মভিত্তিক উৎসব রয়েছে। কিন্তু বাংলা নববর্ষ সব সম্প্রদায়ের মানুষের। সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ২০ শতাংশ হিসাবে নববর্ষ ভাতা দেওয়া হবে।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে বেতন-ভাতা খাতে সরকারের খরচ হয়েছে ৪৪ হাজার ৪৫২ কোটি টাকা, যা মোট বাজেটের ১৭ দশমিক ৭ শতাংশ।
ডিসেম্বরে প্রজ্ঞাপন জারি হলেও নতুন কাঠামো কার্যকর ২০১৫ সালের ১ জুলাই থেকে। অর্থ বিভাগ সূত্র জানায়, নতুন বেতনকাঠামো কার্যকর করতে চলতি অর্থবছরে সরকারের অতিরিক্ত প্রয়োজন হবে ১৫ হাজার ৯০৪ কোটি টাকা।
মাসিক নিট পেনশনভোগী এবং আজীবন পারিবারিক পেনশনভোগীরা নববর্ষ ভাতা পেলেও নববর্ষ ভাতা পাননি ১০০ শতাংশ পেনশন সমর্পণকারীরা। প্রজ্ঞাপনে তাঁদের ভাতা দেওয়ার সুযোগ রাখা হয়নি।
ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুর্গাপূজা ও বড়দিন উপলক্ষে সম্প্রদায়ভিত্তিক কেনাকাটা ও উৎসবের আমেজ থাকে দেশে। পয়লা বৈশাখ একমাত্র অসাম্প্রদায়িক উৎসব হিসেবে বাঙালি জীবনে বিবেচিত হয়ে আসছে।