বাংলা নববর্ষের প্রথম কার্যদিবসেই দেশে কমে গেল স্বর্ণের দাম। ফলে দেশের বাজারে স্বর্ণের দাম এখন চলতি পঞ্জিকাবছরের (২০১৩) মধ্যে সর্বনিম্ন। জানুয়ারিতে ভালো মানের স্বর্ণ ৫৮ হাজার ৩২০ টাকা ভরিতে বিক্রি হলেও এখন দাম ৫৪ হাজার ৯৩৭ টাকা। স্বর্ণের আন্তর্জাতিক দর কিছুটা পড়ে যাওয়ায় বিভিন্ন ধরনের স্বর্ণের দাম এক হাজার ২২৫ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে গত শনিবার স্বর্ণের নতুন দর নির্ধারণ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। গতকাল সোমবার থেকে নতুন দর কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৫৪ হাজার ৯৩৭ টাকা, ২১ ক্যারেট ৫২ হাজার ৪৮৮ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ৪৫ হাজার ১৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমে হয়েছে ৩২ হাজার ৩০৯ টাকা ভরি। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম এখন এক হাজার ৩৪১ টাকা।আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে গত চার মাসে চার দফা স্বর্ণের দাম কমল। সর্বশেষ গত ১৫ মার্চ এবং তার আগে ২০ ফেব্রুয়ারি ও ১ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল এ সমিতি।মূল্য হ্রাসের আগে গত রোববার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৫৬ হাজার ১৬২ টাকা, ২১ ক্যারেট ৫৩ হাজার ৬৫৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ছিল ৪৬ হাজার ১৪ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ৩৩ হাজার ৪৭৫ টাকা ভরি। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ছিল এক হাজার ৩৯৯ টাকা।গতকাল থেকে ভরি প্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম আগের দরের চেয়ে এক হাজার ২২৫ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ১৬৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৯১ টাকা এবং সনাতনি পদ্ধতির স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমেছে। আর রুপার দাম কমছে ৫৮ টাকা।