বিআইবিএম, স্রেডা ও জিআইজেডের যৌথ সেমিনারে গভর্নর
নবায়নযোগ্য জ্বালানি খাতে ভর্তুকি তহবিল গঠনের প্রস্তাব
নবায়নযোগ্য জ্বালানি খাতে ভর্তুকি দেওয়ার জন্য একটি তহবিল গঠনের প্রস্তাব করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। গতানুগতিক ব্যবস্থায় উৎপাদিত বিদ্যুতের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে যে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে, তার একটা অংশ নিয়ে এ তহবিল গঠন করতে বলেন তিনি।
‘গ্রিন ব্যাংকিং ফর এনার্জি সাসটেইনেবল ইকোনমি’ শীর্ষক এক সেমিনারে গতকাল রোববার গভর্নর এ প্রস্তাব দেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম), টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষ (স্রেডা) এবং জার্মান উন্নয়ন প্রতিষ্ঠান জিআইজেড যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। রাজধানীর মিরপুরে বিআইবিএম মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী।
আতিউর রহমান বলেন, ‘আমাদের বিদ্যুতের দাম কিন্তু কমানো হয়নি। এখানে যে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে তার একটা অংশ নিয়ে একটি তহবিল গঠন করা যায়। ওই তহবিল থেকে নবায়নযোগ্য জ্বালানিতে ভর্তুকি দেওয়া যেতে পারে। এ জন্য আমি বিআইআরসিকে (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) অনুরোধ করব, তারা যেন নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ভর্তুকির ব্যবস্থা করে।’
গভর্নর আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ভবিষ্যতে মোট জ্বালানি চাহিদার ৫ থেকে ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি হিসেবে ব্যবহার করা।’ তিনি বলেন, ‘আমাদের গ্রিন বাজেট বা পরিবেশবান্ধব বাজেট প্রণয়ন করতে হবে। বাজেটে এখনো নবায়নযোগ্য জ্বালানির যেসব জায়গায় বাড়তি কর আছে, তা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে।’
দেশের সব বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য জ্বালানি শক্তি ব্যবহারের আহ্বান জানিয়ে আতিউর রহমান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক বিদ্যুৎ-সাশ্রয়ী এলইডি লাইট ব্যবহার করে প্রতি মাসে দুই লাখ টাকার বেশি সাশ্রয় করছে। এখন আমরা কেন্দ্রীয় ব্যাংকের পুরো ভবনকে এলইডি লাইট ব্যবহারের আওতায় আনার উদ্যোগ নিয়েছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিনজ বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে জার্মানির যে অভিজ্ঞতা রয়েছে তা দিয়ে বাংলাদেশকে সহায়তা করতে আমাদের কোনো সমস্যা নেই। তবে এ ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হচ্ছে অর্থায়নের। এ বিষয়ে সরকারকেই চিন্তাভাবনা করতে হবে। একই সঙ্গে বেসরকারি খাতসহ সব পক্ষেরও যৌথ উদ্যোগ নেওয়া দরকার।’
স্রেডার চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম শিকদার বলেন, বর্তমানে দেশের ৬৫ ভাগ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে গ্যাস থেকে। কিন্তু গ্যাসের রিজার্ভ শেষ হয়ে গেলে কী করা হবে সে বিষয়ে কোনো চিন্তা নেই। এখন থেকেই সে প্রস্তুতির অংশ হিসেবে নবায়নযোগ্য জ্বালানির দিকে মনোযোগ দেওয়া উচিত।
নবায়নযোগ্য জ্বালানি খাতে ভর্তুকি দিতে গভর্নর যে তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন, তাতে সহযোগিতার আশ্বাস দেন আনোয়ারুল ইসলাম।