নবায়নযোগ্য শক্তি উন্নয়নের উদ্যোগ ভন্ডুল করবে বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট বাস্তবায়িত হলে দেশে নবায়নযোগ্য শক্তি উন্নয়নের সরকারি পরিকল্পনা ভন্ডুল হবে। বাজেট প্রস্তাবে সৌরবিদ্যুতের প্যানেলের ওপর প্রায় ৩৭ দশমিক ৫ শতাংশ শুল্ক ও কর আরোপিত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২১ সালের মধ্যে ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে, যার ১০ শতাংশ, অর্থাৎ ৩ হাজার মেগাওয়াট হবে নবায়নযোগ্য উৎস থেকে। কিন্তু বাজেটের এই কর প্রস্তাব কার্যকর হলে সরকারের ওই পরিকল্পনার বাস্তবায়ন অসম্ভব হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা), ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লি. (ইডকল), এই খাতে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং ব্যবসায়ী—সবার একই অভিমত।

জানতে চাইলে বিদ্যুৎসচিব আহমেদ কায়কাউস প্রথম আলোকে বলেন, বাজেটে এই কর আরোপের বিষয়টি আসলে তাঁর জানা নেই। কারণ বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় তাঁকে এ-সংক্রান্ত কোনো আলোচনায় ডাকা হয়নি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্রেডার সঙ্গে বাজেট-পূর্ব আলোচনায় এই কর আরোপের বিষয়টি উত্থাপন করেছিল। এ বিষয়ে জানতে চাইলে স্রেডার পরিচালক সিদ্দিক জোবায়ের বলেন, সেই আলোচনায় স্রেডার পক্ষ থেকে এভাবে কর আরোপ না করার মত দেওয়া হয়েছিল।

এই কর আরোপের ব্যাপারে আপত্তি আছে ইডকলেরও। ইডকলের তত্ত্বাবধানে ও আর্থিক ব্যবস্থাপনায় মাঠপর্যায়ে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের বিস্তার ঘটছে। এর মধ্যে রয়েছে প্রায় ৪৫ লাখ বাড়িভিত্তিক সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন, সৌরবিদ্যুচ্চালিত প্রায় ১ হাজার সেচ পাম্প চালু করা, প্রায় এক ডজন সোলার মিনি গ্রিড স্থাপন এবং এখন নতুন করে শুরু করা হয়েছে শিল্পপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুতের প্যানেল বসানোর প্রকল্প। এ ছাড়া রয়েছে গ্রিডে যুক্ত করার মতো বড় সৌরবিদ্যুৎ প্রকল্প।

 বাজেটের প্রস্তাব অনুযায়ী কর আরোপ করা হলে এই সবগুলো প্রকল্পই ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে ইডকলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মালিক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদের সঙ্গে দেখা করে কর আরোপের নেতিবাচক প্রভাব সম্পর্কে বলেছেন।

ইডকলের নবায়নযোগ্য শক্তি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল প্রথম আলোকে বলেছেন, কর আরোপের কারণে যেসব সমস্যার সৃষ্টি হবে, তা বিস্তারিত উল্লেখ করে তাঁরা এনবিআরকে চিঠি দেবেন।

বিষয়টি নিয়ে গতকাল সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ), ইডকল পিও ফোরাম, বাংলাদেশ সোলার এনার্জি সোসাইটি এবং সোলার মিনি গ্রিড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উত্থাপন করেন বিএসআরইয়ের সভাপতি দীপাল চন্দ্র বড়ুয়া।

ওই বক্তব্যে বলা হয়, সৌরবিদ্যুতের প্যানেল আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে, তা কার্যকর হলে সর্বসাকল্যে আমদানি ব্যয় বাড়বে প্রায় ৩৭ দশমিক ৫ শতাংশ। ফলে গ্রাহক পর্যায়ে সৌরপণ্যের দাম বাড়বে ৪৫ থেকে ৫০ শতাংশ। দেশীয় যে কোম্পানিগুলোর স্বার্থে এই শুল্ক আরোপের কথা বাজেটে বলা হয়েছে, তাদের সর্বমোট প্যানেল তৈরির ক্ষমতা চাহিদার ১০ শতাংশের মতো। তারা শতভাগ কাঁচামাল আমদানি করে প্যানেল তৈরি করে, যেখানে মূসকের পরিমাণ নগণ্য।

নবায়নযোগ্য শক্তি খাতের সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা বলেন, দেশে তৈরি এসব প্যানেলের বেশির ভাগেরই মান নিয়ে প্রশ্ন রয়েছে। সৌর প্যানেলের মান নিশ্চিত করার জন্য পৃথিবীতে ১৩টি ল্যাবরেটরি রয়েছে, যেগুলোর এ-সংক্রান্ত সনদ সারা পৃথিবীতে গ্রহণযোগ্য। এই ১৩টির মধ্য থেকে সনদ পাওয়া প্রতিষ্ঠান দেশে রয়েছে মাত্র দুটি। এ দুটির মধ্যে দেশের প্রথম সৌর প্যানেল তৈরির প্রতিষ্ঠান প্যারাসল বর্তমানে বন্ধ রয়েছে।

প্যারাসলের একটি সহযোগী প্রতিষ্ঠান (সিস্টার কনসার্ন) হচ্ছে প্যারাগন পোলট্রি। এই প্রতিষ্ঠান তাদের পোলট্রি শিল্পের ছাদে ৭২৩ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল স্থাপনের জন্য ইডকলের সঙ্গে সম্প্রতি চুক্তি সই করেছে। এই প্যানেল আমদানি করে আনা হবে।

ইডকল সূত্র জানায়, সাধারণত কোনো সৌরবিদ্যুৎব্যবস্থার প্রায় অর্ধেক ব্যয় হয় প্যানেলে। কাজেই বাজেটের শুল্ক আরোপের প্রস্তাব কার্যকর হলে এখন পর্যন্ত চুক্তি করা ছোট-বড় সব প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যয় বাড়িয়ে সংশোধন বা চুক্তি বাতিল করতে হবে।

এসব বিষয় বিবেচনা না করেই সৌরবিদ্যুতের প্যানেলের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত কীভাবে নেওয়া হতে পারে জানতে চাইলে সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো প্রথম আলোকে বলেছে, সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের প্রভাবিত করে কোটারি স্বার্থান্বেষীরা এ ক্ষেত্রে ভূমিকা রেখে থাকতে পারেন।