নবায়নযোগ্য প্রযুক্তিতে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে চাহিদা মেটানো সম্ভব
নবায়নযোগ্য সবুজ জ্বালানির ব্যবহার বাড়িয়ে দেশের বিদ্যমান বিদ্যুৎ ঘাটতি মোকাবিলা করা সম্ভব বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।বিশেষজ্ঞরা বলছেন, শুধু বায়ুশক্তি ব্যবহার করেই প্রতিবেশী ভারত প্রতিবছর ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। সৌর, বায়ু ও জৈবপ্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে দেশের চাহিদা মেটানো যেতে পারে। এ জন্য জ্বালানিসাশ্রয়ী সবুজ প্রযুক্তি ব্যবহারে উদ্যোক্তাদের নীতি-সহায়তা দেওয়া প্রয়োজন।রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার ‘সবুজ আবাসন শিল্প’ শীর্ষক এক সেমিনার ও তিন দিনের আন্তর্জাতিক পরিবেশবান্ধব স্থাপত্য ও নির্মাণ-প্রযুক্তির প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এই অভিমত উঠে আসে।বেসরকারি প্রতিষ্ঠান এক্সপোনেট এক্সিবিশন এ অনুষ্ঠানের আয়োজন করে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এতে প্রধান অতিথি ছিলেন। শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়।সেমিনারে বক্তারা বলেন, কয়লা ও খনিজ তেলের অবাধ ব্যবহারের ফলে ২০৫০ সালের পর বিশ্ব মারাত্মক জ্বালানিসংকটে পড়বে। তাই এখনই বিকল্প হিসেবে সবুজ জ্বালানি উৎপাদনের সক্ষমতা অর্জন করতে হবে। ইতিমধ্যে দেশে প্রায় ২০ হাজার সোলার টেকনিশিয়ান তৈরি হয়েছে। সবুজ জ্বালানি জনপ্রিয় করতে এ খাতে আমদানি করা প্রযুক্তির ওপর কর অবকাশ-সুবিধা দেওয়ারও প্রস্তাব করেন বক্তারা।শিল্পমন্ত্রী বলেন, পরিবেশবান্ধব সবুজ শিল্পায়ন ও আবাসন গড়ে তুলতে সরকার উদ্যোক্তাদের উৎসাহ দিচ্ছে। জৈবপ্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ, গ্যাস ও সার উৎপাদনে বিনিয়োগে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এক্সপোনেট এক্সিবিশনের পরিচালক রাশেদুল হক, বুয়েটের স্থাপত্য বিভাগের প্রধান জেবুন নাসরিন আহমেদ, ইকো ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী মাহমুদ উল্লাহ্, সোলার পাওয়ার অ্যান্ড ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হালিম মৃধা প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে জানানো হয়, রাজধানীর রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠানরত তিন দিনের এই প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও যুক্তরাষ্ট্রের ১৯টি পরিবেশবান্ধব প্রযুক্তি ও নির্মাতা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে পরিবেশবান্ধব রং, নির্মাণসামগ্রী, কিচেন ওয়্যার, ফায়ার ও বিল্ডিং সিকিউরিটি সিস্টেম, লো-কার্বন অটোমেশন পণ্য, সোলার প্যানেলসহ সবুজ জ্বালানিসামগ্রী প্রদর্শিত হচ্ছে।প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীরা প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন।