নভেম্বর থেকে অনলাইনে রপ্তানির তথ্য জমা হবে কেন্দ্রীয় ব্যাংকে
নভেম্বর থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর রপ্তানির তথ্য অনলাইনে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সফটওয়্যারে এসে জমা হবে। ব্যাংকগুলোর বৈদেশিক লেনদেনকারী (এডি) শাখাগুলো সরাসরি এ তথ্য অনলাইনে বাংলাদেশ ব্যাংকে জমা দেবে।বাংলাদেশ ব্যাংক থেকে সম্প্রতি ব্যাংকগুলোর কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এতে রপ্তানির তথ্য পেতে যে ধীরগতি আছে, তা কেটে যাবে। ফলে বৈদেশিক লেনদেনের পরিস্থিতি সহজেই হিসাব করা যাবে।কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তৈরি সফটওয়্যার ব্যবহার করে এ তথ্য সংগ্রহ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। শুধু রপ্তানির তথ্যই নয়, অতি শিগগির আমদানির তথ্যও অনলাইনে নেওয়ার জন্য ভিন্ন সফটওয়্যার তৈরি হচ্ছে।বাংলাদেশ ব্যাংক সূত্রগুলো বলছে, তারা বৈদেশিক বিনিময়-সংক্রান্ত সব তথ্যই ক্রমে কাগজবিহীন বা অনলাইনে করার পদক্ষেপ নিয়েছে। অল্প কিছুদিন পরেই ‘পেপারলেস’ জগতে ঢুকে পড়বে দেশের বৈদেশিক বিনিময়-সংক্রান্ত লেনদেনের তথ্য।সূত্র জানাচ্ছে, নভেম্বরের প্রথম দিন থেকে দৈনন্দিন ভিত্তিতে রপ্তানির তথ্য অনলাইনে জমা দিতে হবে বাংলাদেশ ব্যাংকের কাছে। এ বিষয়ে ব্যাংকগুলোর নিজস্ব প্রস্তুতির জন্য কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহীর কাছে চিঠি পাঠানো হয়েছে।চিঠিতে সব ব্যাংকের এডি শাখায় কম্পিউটার স্থাপন, ইন্টারনেট সংযোগ ও কর্মকর্তাদের প্রস্তুতির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে প্রস্তুতির তথ্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।বর্তমানে প্রতি মাসে প্রায় ২০০ কোটি ডলারের রপ্তানি-বাণিজ্য হচ্ছে। এর জন্য প্রতি মাসে কেন্দ্রীয় ব্যাংকে প্রায় ৬০ হাজার রপ্তানি ফরম আসে। কেন্দ্রীয় ব্যাংক এই বিপুল পরিমাণ কাগজি তথ্যমুক্ত হতে এরই মধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে। এরপর আমদানির তথ্য পাওয়ার ক্ষেত্রেও একইভাবে পদক্ষেপ নেওয়া হবে। তার পরে রেমিট্যান্সপ্রাপ্তির তথ্যও একইভাবে সংগ্রহ করা হবে। পরে বিদেশ ভ্রমণ, স্বাস্থ্যসেবার জন্য বিদেশে অর্থ নিয়ে যাওয়া, লেখাপড়ার খরচে বিদেশে অর্থ পাঠানো প্রভৃতি লেনদেনই অনলাইনে ব্যাংকগুলো পাঠাবে বাংলাদেশ ব্যাংককে।উল্লেখ্য, বর্তমানে ব্যাংকগুলোর প্রায় ৯০০ এডি শাখা রয়েছে। এই শাখাগুলোর মাধ্যমে রপ্তানির কার্যক্রম হয়ে থাকে।ব্যাংকগুলোর কাছ থেকে রপ্তানির তথ্য পেতে বাংলাদেশ ব্যাংক যে সফটওয়্যার তৈরি করেছে, তার নাম দেওয়া হয়েছে ‘ইএক্সপি’ (রপ্তানির ইংরেজি অর্ধাক্ষর)। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব প্রোগ্রামাররা এই সফটওয়্যার তৈরি করেছেন। এই সফটওয়্যারে তথ্য পাঠানোর বিষয়ে এরই মধ্যে সব ব্যাংকের দুজন করে কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষিত এসব কর্মকর্তা নিজেদের ব্যাংকের এডি শাখার কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছেন।প্রচলিত নিয়মে ব্যাংকগুলো রপ্তানিপণ্য জাহাজীকরণের ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে তথ্য জমা দেয়। তবে এ তথ্য মেলাতে ও সংগ্রহে রাখতে নানা সমস্যা দেখা দেয়। অনলাইনে তথ্যপ্রাপ্তির বিষয়টি যথাযথভাবে নিশ্চিত হলে বড় অগ্রগতির আশা করছে বাংলাদেশ ব্যাংক।