নভেম্বরে ইন্টারনেট গ্রাহক কমেছে প্রায় ১১ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নভেম্বরে দেশে ইন্টারনেটের গ্রাহক কমেছে ১০ লাখ ৮৫ হাজার। বিটিআরসির সবশেষ হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
হঠাৎ ইন্টারনেট গ্রাহক কমার বিষয়টি স্বাভাবিকভাবেই নিচ্ছে মুঠোফোন কোম্পানিগুলো। তাদের পর্যবেক্ষণ হচ্ছে, মুঠোফোন ইন্টারনেট ব্যবহারকারীদের একটি বড় অংশ তরুণ। নভেম্বর মাসে পরীক্ষার কারণে অনেকেই ইন্টারনেট থেকে দূরে ছিলেন।
বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেট গ্রাহক প্রবৃদ্ধি টেকসই করতে উপযোগী কনটেন্ট জরুরি। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার মনে করেন, স্থানীয় ও এখানকার উপযোগী কনটেন্ট না দিতে পারলে লাভ হবে না। শুধু ফেসবুক বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ফ্রি ব্রাউজিংয়ের সুযোগ দিলে ইন্টারনেটের প্রবৃদ্ধি টেকসই করা সম্ভব নয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাম্প্রতিক সময়ে মুঠোফোন কোম্পানিগুলো ফ্রি ফেসবুকসহ নানা ধরনের ফ্রি সুবিধা দিয়ে এসেছিল। নভেম্বরে এসব ফ্রি অফারসহ নানা ধরনের প্যাকেজের সংখ্যা কমিয়ে দিয়েছে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমেছে।
বিটিআরসির হিসাব অনুযায়ী, অক্টোবর মাসে দেশে ইন্টারনেট গ্রাহক ছিল ৪ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৯৪২ জন। নভেম্বরে এ সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৯ লাখ ৯৬ হাজার ৬৮৭ জনে। চলতি বছরের জানুয়ারিতে ইন্টারনেট গ্রাহকসংখ্যা ছিল প্রায় ৩ কোটি ৫৫ লাখ। এর পর থেকে প্রতি মাসেই গ্রাহকসংখ্যা বেড়েছে। শুধু জুন মাসে একবার এ সংখ্যা কমেছিল।
গ্রাহকসংখ্যা কমার ক্ষেত্রে মুঠোফোন ইন্টারনেটের গ্রাহকসংখ্যাই বেশি, প্রায় ১০ লাখ ৭৬ হাজার ৩৬৭। নভেম্বর শেষে ইন্টারনেট সংযোগসহ সিমের সংখ্যা নেমে এসেছে ৪ কোটি ১৫ লাখ ১৩ হাজার ৪৩৪। অক্টোবরের শেষে এ সংখ্যা ছিল ৪ কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৮০১।
রবি আজিয়াটার প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ সোমবার প্রথম আলোকে বলেন, ‘গত কয়েক মাসে পুরো ইন্ডাস্ট্রিতে একধরনের নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। এর প্রভাব ডেটা ব্যবহারের ওপর পড়েছে। এটা সাময়িক। এই ধারা কাটিয়ে আবারও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়বে।’
গ্রামীণফোনের বহিঃযোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল বলেন, ‘নভেম্বরে ইন্ডাস্ট্রিজুড়েই এমন প্রবণতা দেখা গেছে। তবে এটি সাময়িক ও স্বাভাবিক। অক্টোবরের তুলনায় নভেম্বরে গ্রামীণফোনের ইন্টারনেট অফার কম ছিল বলে আমাদের গ্রাহক কিছুটা কমেছে।’
বাংলালিংকের সহকারী মহাব্যবস্থাপক শেহজাদ হোসেন জানান, গ্রাহকসংখ্যার ওঠা-নামা বাজারের স্বাভাবিক প্রক্রিয়া। প্রতিষ্ঠানগুলো নিজেদের পরিকল্পনা অনুসারে আবারও গ্রাহকদের নিজেদের নেটওয়ার্কে নিয়ে আসবে।
কমেছে ওয়াইম্যাক্সের গ্রাহকও। জানুয়ারিতে ওয়াইম্যাক্সের সংযোগ ছিল ২ লাখ ৯৯ হাজার; যা নভেম্বর শেষে ৫০ হাজার কমে দাঁড়ায় ২ লাখ ৪৯ হাজার। তবে বেড়েছে পিএসটিএন ও আইএসপি সংযোগের সংখ্যা। এক মাসে এই সংযোগ বেড়েছে ৬৮০টি।