আগামী ১ নভেম্বর থেকে চট্টগ্রামে অষ্টমবারের মতো শুরু হচ্ছে মাসব্যাপী নারী উদ্যোক্তাদের মেলা। মেলার ঘোষণা দিতে গত শনিবার চট্টগ্রাম ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করে মেলার আয়োজক চট্টগ্রাম উইমেন চেম্বার। অনুষ্ঠানে জানানো হয়, রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ‘ইন্টারন্যাশনাল উইমেনস এসএমই এক্সপো বাংলাদেশ, ১৪’ শীর্ষক মেলাটি অনুষ্ঠিত হবে। মেলায় দেশীয় উদ্যোক্তারা ছাড়াও ইন্দোনেশিয়া, চীন, মালয়েশিয়া, ইরান ও পাকিস্তান অংশ নেবে। মেলার সহযোগিতায় রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), এসএমই ফাউন্ডেশন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ এম এ লতিফ, সাবিহা নাহার মুসা, মাহজাবিন মোরশেদ, ওয়াসিকা আয়শা খান, চট্টগ্রাম কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক, চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক প্রমুখ৷