নভেম্বরে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী
খাদ্যের দাম বেড়ে যাওয়ার প্রভাবে নভেম্বর মাসে ভোক্তা মূল্যসূচক ভিত্তিতে নির্ণীত সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে ৬ দশমিক ৫৫ শতাংশে উন্নীত হয়েছে। অক্টোবর মাসে এই হার ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল এক সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির এই হালনাগাদ উপাত্ত প্রকাশ করে। আর এটি নতুন প্রবর্তিত ভিত্তিবছর (২০০৫-০৬ অর্থবছর) ধরে হিসাব করা হয়েছে।সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির বিস্তারিত তুলে ধরেন বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল। এ সময় বিবিএসের উপমহাপরিচালক মিজানুর রহমান ও যুগ্ম পরিচালক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, নভেম্বর মাসে খাদ্যের মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৩ দশমিক ৯৪ শতাংশ, যা অক্টোবর মাসে ছিল ২ দশমিক ৫১ শতাংশ। আর সেপ্টেম্বর মাসে তা ছিল আরও কম, ১ দশমিক ৭০ শতাংশ।গোলাম মোস্তফা বলেন, খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে সার্বিক মূল্যস্ফীতিতে। তাই নভেম্বর মাসে মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী হয়েছে। প্রধানত আটা, ডাল, মাছ-মাংস, মসলা, দুধ ও অন্য খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে খাদ্যের মূল্যস্ফীতির হার বেড়েছে।বিবিএসের পরিসংখ্যান থেকে দেখা যায়, নভেম্বর মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার কমে হয়েছে ১০ দশমিক ৬৮ শতাংশ। অক্টোবর মাসে এই হার ছিল ১১ দশমিক ২৮ শতাংশ।সংবাদ সম্মেলনে বিবিএসের মহাপরিচালক এ প্রসঙ্গে বলেন, পরিধেয় বস্ত্র, আসবাবপত্র ও গৃহস্থালি, পরিবহনসহ বিভিন্ন দ্রব্য ও সেবাসামগ্রীর দাম বেড়েছে।বিবিএসের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, নভেম্বর মাসে পল্লি এলাকায় মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬০ শতাংশ, যা অক্টোবর মাসে ছিল ৫ দশমিক ১৪ শতাংশ। অন্যদিকে শহর এলাকায় মূল্যস্ফীতির হার অক্টোবরের ৭ দশমিক ৬২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮ দশমিক ৪১ শতাংশ।গ্রাম ও শহর দুই এলাকাতেই আলোচ্য সময়কালে খাদ্যের মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী হয়েছে। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার কমেছে।বিবিএস নতুন ভিত্তিবছরের পাশাপাশি পুরোনো ভিত্তিবছর (১৯৯৫-৯৬) ধরেও মূল্যস্ফীতির হার প্রকাশ করেছে। তাতে দেখা যায়, অক্টোবর মাসে ৭ দশমিক ২২ শতাংশ হারে মূল্যস্ফীতি নভেম্বর মাসে বেড়ে হয়েছে ৭ দশমিক ৪১ শতাংশ। এ বছর ডিসেম্বর পর্যন্ত বিবিএস নতুন ভিত্তিবছরের পাশাপাশি পুরোনো ভিত্তিবছরের ভোক্তা মূল্যসূচক ও মূল্যস্ফীতির হার প্রকাশ করবে।