নভেম্বরে মূল্যস্ফীতি ৫.৩৮ শতাংশ
গত নভেম্বর মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)হিসাবে, গত নভেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৩৮ শতাংশ। এ আগের অক্টোবর মাসে এ হার ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য দেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হয়।
মূল্যস্ফীতি কমার কারণ হিসেবে পরিকল্পনামন্ত্রী বলেন, এখন ভালো সময় যাচ্ছে। শাকসবজি, মাছের দাম বেশ কম। সরবরাহ স্বাভাবিক আছে। তাই মূল্যস্ফীতি কমেছে। তিনি আরও বলেন, বর্তমানে মূল্যস্ফীতির প্রবণতা, তা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চলতি অর্থবছরে সাড়ে পাঁচ শতাংশের মধ্যে মূল্যস্ফীতি থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিবিএসের তথ্য উপাত্ত অনুযায়ী, গত নভেম্বর মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই মূল্যস্ফীতি কমেছে। গত নভেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৪১ শতাংশ। আর খাদ্যবহির্ভূত খাতে এ হার ৫ দশমিক ৩৩ শতাংশ।