নভেম্বরে ২১,৯৩৩ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সদ্য বিদায়ী ২০১৬ সালের নভেম্বরে মুঠোফোনভিত্তিক আর্থিক সেবায় ২১ হাজার ৯৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে। অক্টোবরে লেনদেন হয়েছিল ২০ হাজার ৬৯২ কোটি টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৬ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
এখন দেশের প্রত্যন্ত এলাকাতেও মুঠোভিত্তিক সেবা পৌঁছে গেছে। পাশাপাশি ব্যাংকের মাধ্যমে অর্থ স্থানান্তরে কঠোর নিয়মকানুন আরোপ করায় মুঠোফোনভিত্তিক আর্থিক সেবার দিকে ঝুঁকছে অনেকে। ফলে প্রতিনিয়ত এ সেবার উপকারভোগী ও লেনদেন বাড়ছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, এ সেবার মাধ্যমে নভেম্বরে প্রতিদিন গড়ে ৭৩১ কোটি টাকার লেনদেন হয়েছে। অক্টোবর মাসে এ লেনদেনের পরিমাণ ছিল ৬৮৯ কোটি টাকা। এ সময়ে এজেন্টের সংখ্যা ৬ লাখ ৭১ হাজার ৩৩৭ থেকে বেড়ে হয়েছে ৬ লাখ ৯৪ হাজার ৬২৯। পাশাপাশি নিবন্ধিত গ্রাহক ৩ কোটি ৮৯ লাখ থেকে বেড়ে হয়েছে ৩ কোটি ৯৬ লাখ। সক্রিয় গ্রাহকও ১ কোটি ৩৮ লাখ থেকে বেড়ে হয়েছে ১ কোটি ৫১ লাখ। অক্টোবরে এ সেবার মাধ্যমে ১৮৩ কোটি টাকার বেতন বিতরণ করা হয়, নভেম্বরে বেতন বিতরণ বেড়ে হয়েছে ৩২২ কোটি টাকা। মূলত পোশাক খাতের কর্মীদের ও ছোট অঙ্কের বেতনপ্রাপ্ত কর্মীদের এই সেবার মাধ্যমে বেতন প্রদান করা হয়।
বর্তমানে দেশে ১৯টি ব্যাংকের এ সেবা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন রয়েছে। এর মধ্যে ১৭টি ব্যাংক এ সেবা চালু করেছে। এর আগে অনুমোদন নিয়েও সেবাটি বন্ধ করে দেয় প্রিমিয়ার ব্যাংক ও ইস্টার্ণ ব্যাংক।